দিশারী ডেস্ক।। ২১ নভেম্বর, ২০২৬।।
একটি প্রজন্মের হাতে থাকার কথা ছিল নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। প্রযুক্তির জ্ঞান, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস, বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা আর প্রচলিত ব্যবস্থাকে প্রশ্ন করার মানসিকতা। সব মিলিয়ে এই তরুণদের ঘিরে তৈরি হয়েছিল নতুন প্রত্যাশা। কিন্তু সেই সম্ভাবনাময় প্রজন্মের একটি অংশকে এখন দেখা যাচ্ছে ভিন্ন এক বাস্তবতায়।
রাজনৈতিক সংঘাত, দলীয় প্রভাব বিস্তার, মাদক, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাং এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন তরুণেরা। কোথাও রাজনৈতিক কর্মসূচির নামে সংঘর্ষ, কোথাও আধিপত্য বিস্তারের লড়াই, আবার কোথাও অপরাধী চক্রের হয়ে কাজ করছেন তারা। প্রশ্ন ওঠছে, যে তারুণ্যকে রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হিসেবে বিবেচনা করার কথা, সেই তারুণ্যের একটি অংশ কেন অস্থিরতা ও অপরাধের দিকে ঝুঁকছে ?
————————————————————————————————————————————-
সমাজ বিশ্লেষকেরা বলছেন, কিছু মৌলিক প্রশ্নের উত্তর খুঁজতে হবে— যে তরুণেরা একদিন পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিলেন, তাদের সম্ভাবনা রক্ষার দায়িত্ব কে নেবে— রাজনৈতিক দল, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, নাকি রাষ্ট্র ? সময়মতো এই দায়িত্ব পালন করতে না পারলে সম্ভাবনাময় এই প্রজন্মের একটি অংশকে অপরাধের অন্ধকার থেকে ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়বে। তারুণ্যকে রাজনৈতিক ও অপরাধী স্বার্থের হাতিয়ার নয়, রাষ্ট্র গঠনের শক্তি হিসেবে প্রতিষ্ঠা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
————————————————————————————————————————————-
দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এই উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ, পাল্টাপাল্টি কর্মসূচি, সংঘর্ষ এবং আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় তরুণদের ব্যবহার করার প্রবণতা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। রাজনৈতিক নেতৃত্বের একটি অংশ তরুণদের সৃজনশীলতা, মেধা ও নেতৃত্বের বিকাশে মনোযোগ দেয়ার পরিবর্তে তাদের দলীয় শক্তি প্রদর্শন, প্রতিপক্ষকে মোকাবিলা কিংবা মাঠ দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে— এমন অভিযোগ রয়েছে। এতে তরুণদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি তাদের একটি অংশের মধ্যে সহিংসতা ও অপরাধকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করার ঝুঁকি তৈরি হচ্ছে।
অথচ এই তরুণেরাই একসময় বৈষম্য, অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শক্তি দেখিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে রাজপথ— সবখানেই তাদের সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। পরিবর্তনের স্বপ্ন দেখানো সেই প্রজন্মের সামনে এখন বড় প্রশ্ন— তারা কি নিজেদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশ গড়ায় নেতৃত্ব দেবেন, নাকি রাজনৈতিক ও অপরাধী স্বার্থের বলয়ে আটকে যাবেন ? খবর : অন্য দৈনিক।
————————————————————————————————————————————-
সমাজ বিশ্লেষকেরা বলছেন, প্রজন্মের পালাবদল, বদলে গেছে চিন্তার ধরন। সময়ের স্রোতে বদলে যায় মানুষের জীবনবোধ, চিন্তা এবং সমাজের চালিকাশক্তি। ইতিহাসের প্রতিটি অধ্যায়ে একেকটি প্রজন্ম তাদের নিজস্ব স্বকীয়তা নিয়ে আবির্ভূত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ‘বেবি বুমার্স’ থেকে শুরু করে আজকের ‘জেন-জি’— প্রতিটি প্রজন্মই প্রযুক্তি ও আর্থসামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। তবে জন্মগতভাবে ইন্টারনেট ও স্মার্টফোনের সংস্পর্শে বেড়ে ওঠা জেন-জি পূর্ববর্তী প্রজন্মগুলোর তুলনায় অনেক বেশি প্রযুক্তিনির্ভর ও তথ্যপ্রবাহের সঙ্গে সংযুক্ত।
——————————————————————————————————————————-
জনসংখ্যাতত্ত্ব ও সমাজবিজ্ঞানের প্রচলিত শ্রেণিবিন্যাস অনুযায়ী, ১৯০১ থেকে ১৯২৭ সালের মধ্যে জন্মগ্রহণকারীদের বলা হয় ‘গ্রেটেস্ট জেনারেশন’। ১৯২৮ থেকে ১৯৪৫ সালের মধ্যে জন্ম নেয়া ব্যক্তিরা ‘সাইলেন্ট জেনারেশন’। ১৯৪৬ থেকে ১৯৬৪ সালের মধ্যে জন্ম নেয়া মানুষ ‘বেবি বুমার্স’ প্রজন্মের। এরপর ১৯৬৫ থেকে ১৯৮০ সালের মধ্যে জন্ম নেয়া প্রজন্ম ‘জেনারেশন এক্স’। ১৯৮১ থেকে ১৯৯৬ সালের মধ্যে জন্ম নেয়া ব্যক্তিরা ‘মিলেনিয়াল’ বা ‘জেন-ওয়াই’। আর ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেয়া তরুণ-তরুণীরা ‘জেন-জি’ বা ‘জেনারেশন জেড’ হিসেবে পরিচিত। তাদের পরের প্রজন্ম, অর্থাৎ ২০১৩ সাল থেকে জন্ম নেয়া শিশুরা ‘জেন-আলফা’।
জনসংখ্যাতত্ত্ব ও সমাজবিজ্ঞানীদের মতে, জেন-জি প্রজন্মের বৈশিষ্ট্য হলো, তারা জন্মের পর থেকেই ডিজিটাল প্রযুক্তির মধ্যে বেড়ে ওঠেছে। একটি সংবাদ জানতে তাদের পরদিনের পত্রিকার জন্য অপেক্ষা করতে হয় না। মুহূর্তেই বিশ্বের যেকোনো প্রান্তের খবর তাদের হাতের মুঠোয় চলে আসে। ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম তাদের চিন্তা, বিনোদন, যোগাযোগ ও মতপ্রকাশের বড় ক্ষেত্র হয়ে উঠেছে। কর্মজীবন সম্পর্কেও তাদের ধারণা আগের প্রজন্মের তুলনায় আলাদা। প্রচলিত চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং, রিমোট জব, কনটেন্ট ক্রিয়েশন, প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা হওয়ার প্রতি তাদের আগ্রহ বেশি। ব্যক্তিস্বাধীনতা, মানসিক প্রশান্তি, সামাজিক ন্যায়বিচার এবং সমান সুযোগের প্রশ্নেও তারা তুলনামূলক বেশি সোচ্চার।
এই জনসংখ্যাতত্ত্ব ও সমাজবিজ্ঞানের প্রশ্ন, সম্ভাবনার জায়গায় কেন অপরাধের ছায়া ? তাদের মতে, সমস্যা তৈরি হচ্ছে যখন এই প্রযুক্তিনির্ভর, প্রতিবাদী ও সম্ভাবনাময় তারুণ্যকে ইতিবাচক কর্মকাণ্ডের পরিবর্তে সংঘাতের রাজনীতিতে টেনে নেয়া হচ্ছে। রাজনৈতিক পরিচয়, দলীয় আনুগত্য কিংবা স্থানীয় প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় তরুণদের একটি অংশকে ব্যবহার করার অভিযোগ নতুন নয়। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া থেকে শুরু করে প্রতিপক্ষকে ভয় দেখানো, সংঘর্ষে জড়ানো কিংবা অবৈধ অস্ত্রের প্রদর্শন— বিভিন্ন ঘটনায় তরুণদের সম্পৃক্ততা নিয়ে উদ্বেগ রয়েছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে মাদকের বিস্তার। মাদক ব্যবসায়ী ও অপরাধী চক্রের কাছে তরুণেরা অনেক সময় সহজ লক্ষ্য। অর্থের প্রলোভন, দ্রুত প্রভাবশালী হওয়ার আকাঙ্ক্ষা, বন্ধুদের চাপ কিংবা রাজনৈতিক ছত্রচ্ছায়ার সুযোগ নিয়ে তাদের অপরাধে যুক্ত করা হচ্ছে।
তারা আরও মনে করেন, কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় অপরাধের আড়াল হিসেবেও ব্যবহৃত হওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতা, অস্ত্রের প্রদর্শন, অপরাধী গোষ্ঠীর প্রতি অন্ধ অনুরাগ এবং দ্রুত অর্থ ও খ্যাতি অর্জনের প্রবণতা তরুণদের একটি অংশকে প্রভাবিত করছে। ভার্চুয়াল জগতে জনপ্রিয়তা অর্জনের প্রতিযোগিতা কখনো কখনো বাস্তব জীবনের বিপজ্জনক আচরণকে উৎসাহিত করছে। তথ্য যাচাই না করে গুজবে বিশ্বাস, আবেগতাড়িত সিদ্ধান্ত এবং ভিন্নমত সহ্য করতে না পারার প্রবণতাও সামাজিক বিভাজন বাড়াচ্ছে।
তবে এ ক্ষেত্রে জেন-জি প্রজন্মকে এককভাবে দায়ী করার সুযোগ নেই। তাদের বেড়ে ওঠার পরিবেশ, শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা, বেকারত্ব, সামাজিক বৈষম্য, পরিবার থেকে পর্যাপ্ত মনোযোগ না পাওয়া এবং সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগের অভাবও বিবেচনায় নিতে হবে। তরুণদের সামনে যদি ইতিবাচক নেতৃত্ব, কর্মসংস্থান ও সৃজনশীলতার পর্যাপ্ত ক্ষেত্র তৈরি না হয়, তাহলে অসৎ উদ্দেশ্যে পরিচালিত গোষ্ঠীগুলো তাদের সহজেই প্রভাবিত করতে পারে।
সমাজ বিশ্লেষকদের মতে, জেন-জি প্রজন্মের সবচেয়ে বড় শক্তি প্রযুক্তি। কিন্তু এই শক্তির অপব্যবহার তাদের জন্য নতুন ঝুঁকিও তৈরি করছে। রিলস ও টিকটকের মতো দ্রুতগতির শর্ট ভিডিও দেখার অভ্যাসের কারণে দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখার সক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সবকিছু তাৎক্ষণিক পাওয়ার প্রবণতা থেকে তৈরি হচ্ছে অস্থিরতা। ভার্চুয়াল জগতে হাজারো মানুষের সঙ্গে যোগাযোগ থাকলেও বাস্তব জীবনে পরিবার ও সমাজের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে অনেকের। তথ্যপ্রযুক্তির ইতিবাচক ব্যবহারের মাধ্যমে এই তরুণেরাই আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের অবস্থান তৈরি করতে পারেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, সফটওয়্যার, ডিজিটাল মার্কেটিং, গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নে তাদের অংশগ্রহণ দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন দক্ষতা উন্নয়ন, সঠিক দিকনির্দেশনা এবং নিরাপদ সামাজিক পরিবেশ।
প্রজন্মের এই ব্যবধান ও জেন-জির মনস্তত্ত্ব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান বলেন, প্রতিটি প্রজন্মই তার সময়ের প্রযুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। বুমার্স বা মিলেনিয়ালদের সঙ্গে জেন-জির চিন্তার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক। জেন-জিরা বিশ্বনাগরিক হিসেবে বেড়ে ওঠছে, ফলে তাদের মধ্যে প্রশ্ন করার সাহস এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রবণতা প্রবল। তবে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার যেন তাদের সামাজিক ও পারিবারিক বন্ধন থেকে বিচ্ছিন্ন না করে, সেদিকে খেয়াল রাখতে হবে।
অন্যদিকে, জেন-জির মানসিক স্বাস্থ্য ও অস্থিরতা প্রসঙ্গে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মেখলা সরকার বলেন, জেন-জি প্রজন্মের বড় একটি ইতিবাচক দিক হলো, তারা মানসিক সমস্যা নিয়ে কথা বলতে সংকোচ করে না এবং চিকিৎসা নিতে আগ্রহী হয়। কিন্তু অতিরিক্ত স্ক্রিন আসক্তি, রাত জাগা এবং তাৎক্ষণিক সাফল্যের নেশা তাদের মধ্যে উদ্বেগ ও বিষণ্নতা বাড়িয়ে দিচ্ছে। তবে এটাও সত্য যে এই বয়সটা ভুল করারও। আর তাই বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করার মানসিক দৃঢ়তা তৈরি করতে পরিবারকে তাদের পাশে বন্ধুর মতো দাঁড়াতে হবে।
————————————————————————————————————————————-
বিশ্লেষকদের মতে, জেন-জি প্রজন্মের এই সংকটের দায় শুধু তরুণদের ওপর চাপিয়ে দেয়ার সুযোগ নেই। রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে। তরুণদের রাজনৈতিক সচেতনতা তৈরি করা আর দলীয় স্বার্থে তাদের ব্যবহার করা এক বিষয় নয়। রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া তরুণদের গণতান্ত্রিক মূল্যবোধ, সহনশীলতা, যুক্তিনির্ভর চিন্তা এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখানোর কথা। কিন্তু রাজনীতির মাঠে যখন সংঘাত, শক্তি প্রদর্শন ও প্রতিপক্ষকে দমনের সংস্কৃতি প্রাধান্য পায়, তখন তার প্রভাব তরুণদের ওপরও পড়ে।
————————————————————————————————————————————-
রাজনৈতিক দলগুলো যদি সত্যিই নতুন প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায়, তাহলে তাদের জন্য গবেষণা, নীতিনির্ধারণ, স্থানীয় উন্নয়ন, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে তরুণদের অপরাধে ঠেলে দেয়ার পেছনে থাকা প্রভাবশালী ব্যক্তি ও গোষ্ঠীকেও জবাবদিহির আওতায় আনতে হবে। পরিবারকেও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সন্তান কার সঙ্গে মিশছে, কী ধরনের অনলাইন কনটেন্ট দেখছে, তার আচরণে হঠাৎ পরিবর্তন আসছে কি না— এসব বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু পরীক্ষার ফল নয়, নৈতিক শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, মানসিক স্বাস্থ্যসেবা এবং নেতৃত্ব বিকাশের সুযোগ বাড়াতে হবে।
Leave a Reply