প্রশাসনে আ.লীগ ! তবে ঘুরে দাঁড়াচ্ছে সরকার

  • আপডেট সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৬ পাঠক

দিশারী ডেস্ক।। ২১ নভেম্বর, ২০২৬।।

বিগত ১৫ বছরের বেশি সময় ধরে রাষ্ট্রীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা খাত, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় ব্যাপক নিয়োগ ও পদায়নের অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র ও রাজনৈতিক মহলের দাবি, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন দপ্তর ও বাহিনীতে প্রায় ১৪ লাখ কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয় ও আনুগত্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেই নিয়োগের প্রভাব এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে রয়ে গেছে বলে অভিযোগ ওঠেছে। বিশেষ করে পুলিশসহ প্রশাসনের একটি অংশ বর্তমান বিএনপি সরকারের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করছে না বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। কোথাও নির্দেশনা বাস্তবায়নে শৈথিল্য, কোথাও তদন্তে ধীরগতি, আবার কোথাও নির্দিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনীহার অভিযোগ সামনে আসছে। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রশাসনের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করা হবে। দায়িত্ব পালনে অবহেলা কিংবা নির্দেশনা অমান্যের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

দপ্তরে দপ্তরে দলীয় নিয়োগের প্রভাব :

প্রশাসনিক সূত্রগুলো জানায়, বিগত আওয়ামী সরকারের আমলে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে প্রচলিত পরীক্ষা ও যাচাই-বাছাই প্রক্রিয়ার পাশাপাশি গোয়েন্দা প্রতিবেদন এবং রাজনৈতিক সুপারিশের মাধ্যমে বিপুলসংখ্যক জনবল নিয়োগ হয়েছে। বিশেষ করে পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, রেলওয়ে, বিদ্যুৎ বিভাগ ও বিভিন্ন করপোরেশনে আউটসোর্সিং, মাস্টাররোল, অ্যাডহক এবং নিয়মিত পদে নিয়োগের ক্ষেত্রে দলীয় সম্পৃক্ততা যাচাইয়ের অভিযোগ দীর্ঘদিনের।

সমালোচকদের অভিযোগ, সরকারি চাকরির বিভিন্ন ধাপে নিয়োগ, কোটা ব্যবস্থা, বিসিএস ও নন-ক্যাডার নিয়োগ এবং বিভিন্ন সংস্থায় সরাসরি জনবল নেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয়ের ছাপ ছিল স্পষ্ট। প্রশাসনের শীর্ষ থেকে মাঠ পর্যায়পর্যন্ত একটি নির্দিষ্ট রাজনৈতিক বলয়ের প্রভাব বিস্তৃত হয়েছিল। কোনো কোনো দপ্তরে রাজনৈতিক পরিচয় ছাড়া পদোন্নতি বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া ছিল কঠিন। আবার যোগ্য ও পেশাদার অনেক কর্মকর্তাকে দীর্ঘদিন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে রাখা কিংবা কম গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেয়ার অভিযোগও রয়েছে।

——————————————————————————————————————————

বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের অনুসারীদের প্রাধান্য দিয়ে প্রশাসনিক কাঠামো গড়ে ওঠলে সরকার পরিবর্তনের পরও তার প্রভাব থেকে যায়। রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে গড়ে ওঠা নেটওয়ার্ক প্রশাসনের বিভিন্ন স্তরে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নকে প্রভাবিত করতে পারে। মাঠপর্যায়ের থানা, উপজেলা, জেলা এবং বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত মধ্যম ও নিচের সারির কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশের বিরুদ্ধে পুরোনো বলয়ের প্রতি পক্ষপাতিত্ব কিংবা সিদ্ধান্ত বাস্তবায়নে অনীহার অভিযোগও শোনা যাচ্ছে।

——————————————————————————————————————————

পুলিশ বাহিনীতেও নিয়োগ ও পদ সৃষ্টির পরিসর ছিল ব্যাপক। ২০০৯ সালের পর থেকে লক্ষাধিক কনস্টেবল, হাজার হাজার উপপরিদর্শক (এসআই), সার্জেন্ট এবং বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগ দেয়া হয়েছে। একই সময় এ বাহিনীতে ৮৩ হাজারের বেশি নতুন পদ সৃষ্টির তথ্যও সামনে এসেছে।

সাবেক মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) আব্দুল কাইয়ুম এক পর্যালোচনায় উল্লেখ করেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ইচ্ছামতো পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। তার মতে, অবকাঠামোগত ও আবাসন সংকটের মধ্যেই ঢালাওভাবে জনবল বাড়ানো হলেও পেশাদারিত্ব ও যোগ্যতার মানদণ্ড অনেক ক্ষেত্রে উপেক্ষিত ছিল।

শুধু পুলিশ নয়, বাংলাদেশ রেলওয়ে, বিভিন্ন করপোরেশন, সরকারি ব্যাংক, বিশ্ববিদ্যালয় এবং মাঠ প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসক (ডিসি) পর্যায়ে পদায়ন নিয়েও দলীয় আনুগত্য যাচাইয়ের অভিযোগ রয়েছে। ফলে প্রশাসনের কাঠামোগত পরিবর্তন হলেও পুরোনো প্রভাব কতটা দুর হয়েছে, তা নিয়ে বিভিন্ন মহল সন্দিহান।

নির্দেশনা বাস্তবায়নে শৈথিল্য, আস্থার সংকট :

সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সরকারি সেবার মান উন্নয়নে বর্তমান সরকার যেসব নির্দেশনা দিচ্ছে, তা সব ক্ষেত্রে সমান গতিতে কার্যকর হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। কিছু এলাকায় মামলার তদন্তে ধীরগতি, নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মাঠপর্যায়ে পৌঁছাতে দেরি হওয়ার মতো ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে সন্দেহ তৈরি হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, প্রশাসন এবং পুলিশ নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালন না করলে সরকারের সংস্কার ও সুশাসনের উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে। এ জন্য কোন কর্মকর্তা বা কর্মচারী আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালন করছেন এবং কারা ইচ্ছাকৃতভাবে সরকারি নির্দেশনা এড়িয়ে যাচ্ছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিগত ১৫ বছরে নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের একটি অংশকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। সাবেক ক্ষমতাসীনদের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে বাহিনীতে অভ্যন্তরীণ তদন্ত চলছে বলে জানা গেছে। অন্যদিকে প্রশাসনের শীর্ষ পর্যায়ে চুক্তিভিত্তিক নিয়োগ ও পদোন্নতি নিয়ে কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া এবং অসন্তোষের কথাও গণমাধ্যমে ওঠে এসেছে।

অসহযোগিতা বরদাশত করবে না সরকার :

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ রাষ্ট্রীয় বাহিনী ও প্রশাসনকে সম্পূর্ণভাবে আইন ও সংবিধান অনুযায়ী চলতে হবে। বিগত সরকারের সময়ে দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত বা রাজনৈতিকভাবে প্রভাবিত কোনো মহল যদি বর্তমান সরকারের বৈধ নির্দেশনা বাস্তবায়নে শৈথিল্য দেখায় বা অসহযোগিতা করে, তবে তা কোনোভাবেই মেনে নেয়া হবে না।’ তিনি জানান, পুলিশ ও প্রশাসনের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় বদলি ও শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

—————————————————————————————————————————————

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী মনে করেন, বিগত দেড় দশকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করার ফলে প্রশাসনিক দক্ষতা ও নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভাষায়, ‘একটি পেশাদার ও জনবান্ধব প্রশাসন ছাড়া অর্থনৈতিক শৃঙ্খলা ও বিনিয়োগবান্ধব পরিবেশ ধরে রাখা কঠিন। পুরোনো দলীয় বলয়ের প্রভাব ভেঙে প্রতিটি দপ্তরে মেধা, যোগ্যতা ও আইনের শাসন প্রতিষ্ঠাই এখন বড় চ্যালেঞ্জ।’

—————————————————————————————————————————————

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারীদের দায়িত্ব হলো নির্বাচিত সরকারের নীতি ও আইনসম্মত নির্দেশনা নিরপেক্ষভাবে বাস্তবায়ন করা। কোনো কর্মকর্তা যদি অতীতের রাজনৈতিক আনুগত্যের কারণে বর্তমান প্রশাসনিক কার্যক্রমে বাধা সৃষ্টি করেন বা নির্দেশনা মানতে গড়িমসি করেন, তবে প্রশাসনিক নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে নিরপরাধ ও পেশাদার কর্মকর্তাদের যাতে কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান ও সেলিমা রহমানসহ জ্যেষ্ঠ নেতারা দীর্ঘদিন ধরেই রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করার দাবি জানিয়ে আসছেন। তাদের মতে, বিগত ১৫ বছরে প্রশাসন ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে একটি দলের স্বার্থে ব্যবহার করায় রাষ্ট্রের ভারসাম্য নষ্ট হয়েছে এবং জনগণের আস্থার সংকট তৈরি হয়েছে।

প্রশাসনের শীর্ষ পর্যায়ে তদারকি জোরদার :

প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বলছেন, রাষ্ট্রযন্ত্রকে সচল ও নিরপেক্ষ রাখতে ইতোমধ্যে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ড. মো. নাসিমুল গনি জানান, ‘প্রশাসনের শৃঙ্খলা ও চেইন অব কমান্ড বজায় রাখা সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। সরকারের নীতিগত সিদ্ধান্ত ও নির্দেশনা যাতে মাঠপর্যায় পর্যন্ত দ্রুত ও সঠিকভাবে পৌঁছায়, সে জন্য নিয়মিত তদারকি করা হচ্ছে। কোনো কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা বা অসহযোগিতার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে প্রচলিত বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেন, ‘ বিগত সময়ে নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম বা বঞ্চনার অভিযোগগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং প্রশাসনে ভারসাম্য ও শৃঙ্খলা ফেরাতে কাজ চলছে।’ তার মতে, ‘সরকারি কর্মচারীদের রাজনৈতিক পরিচয় নয়, বরং আইন ও বিধি মেনে দায়িত্ব পালন করাই একমাত্র মানদণ্ড হওয়া উচিত।’ তিনি আরও বলেন, ‘নির্দেশনা অমান্যের কোনো অভিযোগ এলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।’

পুলিশ বাহিনীর অবস্থান তুলে ধরে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, ‘বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। বিগত সময়ে বঞ্চিত ও পেশাদার কর্মকর্তাদের পদায়নের পাশাপাশি বাহিনীর ভেতরে শৃঙ্খলা জোরদার করা হয়েছে। কোনো পুলিশ সদস্য যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ নির্দেশনা মানতে গড়িমসি করেন বা পেশাদারিত্বের বাইরে গিয়ে কোনো আচরণ করেন, তবে বিভাগীয় ব্যবস্থাসহ আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।’

—————————————————————————————————————————————

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কর্মকাণ্ডের ওপর নিয়মিত গোয়েন্দা প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন, ‘ প্রশাসনের আট লাখ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে কে কী করছেন, সে বিষয়ে প্রতিদিনের গোয়েন্দা তথ্য পাওয়া যাচ্ছে। ’ ইতোমধ্যে অনিয়ম বা বিতর্কিত ভূমিকার অভিযোগে কয়েকজন জেলা প্রশাসককে প্রত্যাহার করে তদন্ত শুরু করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার ভূমিকাও যাচাই করা হচ্ছে বলে জানান তিনি।

—————————————————————————————————————————————

দলীয়করণমুক্ত প্রশাসনই বড় চ্যালেঞ্জ :

সাবেক সচিব বদিউর রহমান মনে করেন, ‘ আমলাতন্ত্রকে দলীয় প্রভাব ও বঞ্চনার বৃত্ত থেকে বের করে আনতে হলে স্বচ্ছতা, মেধা ও নিয়মতান্ত্রিক ক্যারিয়ার ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিতে হবে; অন্যথায় নতুন করে ক্ষোভ ও অস্থিরতা তৈরি হতে পারে।’

বর্তমান সরকারের মন্ত্রিসভা ও নীতিনির্ধারণী মহলের একাধিক নেতার মতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও জবাবদিহিমূলক করতে হলে অতীতের দলীয়করণের প্রভাব খতিয়ে দেখা জরুরি। তবে বিশ্লেষকদের একটি অংশ সতর্ক করেছেন, অতীতের দলীয়করণের জবাব দিতে গিয়ে যেন নতুন করে দলীয় বিবেচনায় নিয়োগের সংস্কৃতি চালু না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

বিশেষজ্ঞদের মতে, প্রায় ১৪ থেকে ১৫ লাখ সরকারি জনবলের বিশাল কাঠামোতে দক্ষতা, নিরপেক্ষতা ও সেবার মান নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। একদিকে বিপুলসংখ্যক শূন্য পদ পূরণের প্রয়োজনীয়তা রয়েছে, অন্যদিকে রয়েছে অতীতের নিয়োগ ও পদায়ন নিয়ে তৈরি হওয়া আস্থার সংকট। প্রশাসনের প্রতিটি স্তরে পেশাদারিত্ব ও জবাবদিহি নিশ্চিত করতে না পারলে এ সংকট কাটানো কঠিন হবে।

প্রশাসন বিশেষজ্ঞদের অভিমত, স্বচ্ছ নিয়োগ পরীক্ষা, নিরপেক্ষ পদোন্নতি এবং আইনের শাসনের মাধ্যমে প্রশাসনকে প্রকৃত অর্থে জনমুখী ও অরাজনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তর করাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা। রাজনৈতিক আনুগত্যের পরিবর্তে যোগ্যতা ও পেশাদারিত্বকে গুরুত্ব দেয়া এবং একইসঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার মধ্য দিয়েই প্রশাসনের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনা সম্ভব।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!