হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন : দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার

  • আপডেট সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৫ পাঠক

দিশারী ডেস্ক।। ২১ নভেম্বর, ২০২৬।।

নোয়াখালীর হাতিয়ায় দ্বীপ উন্নয়ন সংস্থা ও সংস্থাটির নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা রফিকুল আলমের বিরুদ্ধে জমি দখলের অভিযোগকে মিথ্যে, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। এ ধরনের অভিযোগের মাধ্যমে দীর্ঘদিনের জনকল্যাণমূলক কার্যক্রম বাধাগ্রস্ত এবং সংস্থার নির্বাহী পরিচালককে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে সংস্থাটি।

রোববার (১৫ নভেম্বর), এক প্রতিবাদলিপিতে এসব কথা জানান দ্বীপ উন্নয়ন সংস্থার কমিউনিকেশন বিভাগের ম্যানেজার মো.মামুন। সম্প্রতি নোয়াখালী রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলন এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে এ প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চর লক্ষ্মীদিয়া মৌজার ৩৩০, ৩৩১, ৩৩২, ৩৩৩, ১৫০২, ১৫০৫, ১৫০৬, ১৫০৭ ও ১৫০৮ নম্বর দাগের ৪৮ শতাংশ জমি জোরপূর্বক দখলের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। সংস্থার দাবি, সংশ্লিষ্ট জমি তাদের প্রাতিষ্ঠানিক সম্পত্তি এবং জমির মালিকানা সংক্রান্ত বৈধ দলিল ও আইনগত নথিপত্র সংস্থার কাছে সংরক্ষিত রয়েছে।

————————————————————————————————————————————-

প্রতিবাদলিপিতে সংস্থাটির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে বলা হয়, ১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর হাতিয়া দ্বীপের মানুষের কল্যাণ ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৯৭২ সালে দ্বীপ উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে স্থানীয় বীরমুক্তিযোদ্ধাদের উদ্যোগে ১৯৯২ সালে প্রায় ১০ একর জমি আইনসম্মতভাবে ক্রয় করা হয়। স্বাস্থ্যসেবা, শিক্ষাসেবা ও যুব প্রশিক্ষণ—এই তিনটি লক্ষ্য সামনে রেখে সংস্থাটি কার্যক্রম পরিচালনা করে আসছে।

———————————————————————————————————————————-

সংস্থাটির দাবি, দীর্ঘ প্রায় অর্ধশতক ধরে হাতিয়া দ্বীপে সুনামের সঙ্গে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে তারা। বর্তমানে প্রায় ৫০ হাজার পরিবারের সামগ্রিক উন্নয়নে সংস্থাটির প্রত্যক্ষ ভূমিকা রয়েছে।

প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করা হয়, সরকারের সহযোগিতায় দুস্থ ও ভূমিহীন পরিবারকে সরকারি খাসজমি বন্দোবস্ত পেতে সহায়তা এবং বিভিন্ন খাসজমিতে কলোনি নির্মাণের মাধ্যমে সহস্রাধিক পরিবারকে পুনর্বাসনে ভূমিকা রেখেছে দ্বীপ উন্নয়ন সংস্থা। বর্তমানে নোয়াখালীসহ মোট ছয়টি জেলায় জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

জমির মালিকানা নিয়ে বিতর্ক প্রসঙ্গে সংস্থাটি জানায়, জমিটি সম্পূর্ণভাবে দ্বীপ উন্নয়ন সংস্থার প্রাতিষ্ঠানিক সম্পত্তি। নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা রফিকুল আলম নিজের জন্য বা ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে জমিটি ক্রয় করেননি। জমির বৈধ দলিল ও আইনগত নথিপত্র সংস্থার কাছে নিরাপদে সংরক্ষিত রয়েছে। এ ছাড়া হাতিয়ার একাধিক বিজ্ঞ আইনজীবী বিভিন্ন সময়ে বিষয়টি পর্যালোচনা করে আইনগত সহায়তা দিয়েছেন বলেও দাবি করা হয়।

অভিযোগকারীদের কাছে সংশ্লিষ্ট জমির মালিকানার কোনো বৈধ কাগজপত্র বা আইনি ভিত্তি নেই দাবি করে প্রতিবাদলিপিতে বলা হয়, এটি একটি ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ। পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে সংস্থা এবং এর নির্বাহী পরিচালককে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। সংস্থার জনকল্যাণমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করাও এর অন্যতম উদ্দেশ্য বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

প্রতিবাদলিপির শেষাংশে সংস্থার সব কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী, সমর্থক ও সাধারণ মানুষকে এ ধরনের অভিযোগে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের একপক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে প্রকৃত নথিপত্র যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানিয়েছে দ্বীপ উন্নয়ন সংস্থা।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!