দিশারী ডেস্ক।। ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ।।
নোয়াখালীতে সুবর্ণচর এক্সপ্রেস চালুর দাবিতে সরকারের দায়িত্বশীলমহলে আবেদন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি ) কর্তৃপক্ষ। রেলওয়ের উপদেষ্টা বরাবরে নোবিপ্রবির উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল স্বাক্ষরিত একপত্রে উল্লখ করা হয়েছে, ২০০৬ সালে প্রতিষ্ঠিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে সুপরিচিত।
বর্তমানে এখানে ৭টি অনুষদ ও ২টি ইনন্সিটিউটের অধীনে সর্বমোট ৩৩টি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম চলমান হয়েছে। জেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে আগত প্রায় দশ হাজার শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে।
এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ প্রতিদিন শিক্ষা ও অন্যান্য জরুরি প্রয়োজনে রাজধানী ঢাকা এবং চট্টগ্রামের সাথে যোগাযোগ রক্ষা করতে হয়। কিন্তু অতিব পরিতাপের বিষয় যে, এখানে দীর্ঘদিন ধরে নোবিপ্রবি ও বৃহত্তর নোয়াখালী এলাকার জনগণ পর্যাপ্ত ও মানসম্মত রেলসেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। ১৯৮৬ সালে চালু হওয়া নোয়াখালী এক্সপ্রেস ছিল এ অঞ্চলের মানুষের একমাত্র আন্তঃনগর ট্রেন। অথচ তাও চাহিদার তুলনায় অত্যন্ত সীমিত। জনসংখ্যা বৃদ্ধি ও চাহিদা বৃদ্ধি পেলেও নতুন কোনো আন্তঃনগর ট্রেন চালু হয়নি। ফলে যাত্রীরা বিশেষ করে নোবিপ্রবির শিক্ষার্থী এবং অন্যান্যরা প্রতিনিয়ত সীমিত আসনের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন।
এই প্রেক্ষাপটে, ঢাকা-নোয়াখালী রুটে সুবর্ণচর এক্সপ্রেস নামীয় বিশেষ ট্রেন চালু করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ জানানো হয়েছে। এটি চালু হলে শিক্ষার্থীরা পরীক্ষা, সেমিনার, কনফারেন্স, ইন্টার্নশিপ ও চাকরির সাক্ষাৎকারে ঢাকায় অতি সহজে যাতায়াত করতে পারবে। বাসের তুলনায় ট্রেনে নোবিপ্রবির শিক্ষার্থীদের যাতায়াত ব্যয়ও হ্রাস পাবে। তদুপরি, হরতাল, প্রাকৃতিক দুর্যোগ বা সড়ক দুর্ঘটনার সময়ে এ পরিবহন সবচেয়ে নির্ভরযোগ্য বিষয় হিসেবে কাজ করবে। সর্বোপরি, ভর্তি পরীক্ষার সময়ে ঢাকা-নোয়াখালী সরাসরি রেল যোগাযোগ বজায় থাকলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা বহুগুণে বৃদ্ধি পাবে।
নোবিপ্রবি কর্তৃপক্ষ বিশ্বাস করেন, সুবর্ণচর এক্সপ্রেস চালুর মাধ্যমে নোবিপ্রবি ও নোয়াখালীসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের মানুষ যাতায়াত সুবিধা লাভ করবে এবং জাতীয় অর্থনীতিও উপকৃত হবে।
Leave a Reply