ফাঁকা আওয়াজে উত্তাল, উত্তপ্ত ও অস্থিরতা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৭ পাঠক

দিশারী ডেস্ক।। ১২ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ।।

৪৫৭ টি হত্যা মামলাসহ ৬৭৩ মামলার পলাতক এবং একাধিক মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে উত্তাল ও উত্তপ্ত সারা দেশ। শুরু হয়েছে আন্দোলনের নামে ভাংচুর, আগুনসন্ত্রাস। পুড়িয়ে মারা হচ্ছে নিরীহ মানুষকে। দেশে ফেরার সময়ও বেঁধে দিয়েছেন শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে। অথচ যে দেশে ফেরার ঘোষণা, সেই দেশে তার বিরুদ্ধে রয়েছে মৃত্যুদন্ডের রায়, গ্রেপ্তারি পরোয়ানা এবং একাধিক গুরুতর অভিযোগ।

নেই স্বাভাবিক রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার সুযোগ। নেই দলীয় সাংগঠনিক শক্তির দৃশ্যমান উপস্থিতি। বিদেশের মাটিতে বসে দেয়া এই প্রত্যাবর্তনের হুঙ্কার তাই নতুন করে প্রশ্ন তুলেছে সত্যিই কি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ? নাকি ফেরার ঘোষণাকেই রাজনৈতিক অস্ত্র বানিয়ে বাংলাদেশকে নতুন করে উত্তপ্ত করার কৌশল নিয়েছেন তিনি ?

——————————————————————————————————————————————

রাজনৈতিক বিশ্লেষকদের অধিকাংশের মতে, এই ঘোষণার সবচেয়ে বড় লক্ষ্য দেশে ফেরা নয়, বরং এই বিষয়টিকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা। দীর্ঘদিন ধরে কোণঠাসা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি করা, আত্মগোপনে থাকা কর্মীদের মনোবল ফেরানো এবং বর্তমান সরকারকে প্রতিনিয়ত প্রতিক্রিয়া জানাতে বাধ্য করাই হতে পারে এই কৌশলের অংশ। অর্থাৎ অনুপস্থিত থেকেও রাজনৈতিক মাঠের তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা মাত্র। আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণেও এটিকে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর একটি ‘পরিকল্পিত প্রচেষ্টা’ হিসেবে দেখা হচ্ছে।

——————————————————————————————————————————————

রাজনৈতিক বিশ্লেষক ড. নিয়াজ আহমেদ খান বলেন, শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার বিষয়টি এখন আর কোনো ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় নয়, বরং এটি রাজনৈতিক ও আইনি প্রশ্ন। দেশে ফেরার দাবির আগে দলটিকে তাদের বিগত আমলের শাসন, মানবাধিকার লঙ্ঘন এবং ২০২৪ সালের হত্যাকা-ের জবাবদিহির মুখোমুখি হতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করেন যে, কোনো দল যদি নতুন করে সন্ত্রাস বা নৈরাজ্যের মাধ্যমে রাজনৈতিক জায়গা তৈরি করতে চায়, তবে তা গণঅভ্যুত্থানের আকাক্সক্ষার পরিপন্থি হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক কর্মকা- নিষিদ্ধ হওয়ার কারণে কার্যত বিপর্যস্ত আওয়ামী লীগ। দলটির বহু নেতাকর্মী কারাগারে, অনেকে আত্মগোপনে। সাংগঠনিক কাঠামো দুর্বল, প্রকাশ্য রাজনৈতিক তৎপরতাও সীমিত। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কর্মীদের কাছে নতুন রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার একটি উপায় হতে পারে। তাদের বোঝানো হতে পারে, রাজনৈতিক অধ্যায় শেষ হয়ে যায়নি ; নেতৃত্ব ফিরবে, দলও আবার সংগঠিত হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রত্যাবর্তনের ঘোষণা বাস্তবায়নের জন্য কী প্রস্তুতি রয়েছে ? কোন আইনি প্রক্রিয়ায় তিনি দেশে ফিরবেন ? তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর নিষ্পত্তি কীভাবে হবে ? এসব প্রশ্নের স্পষ্ট উত্তর না থাকায় ঘোষণাটির রাজনৈতিক তাৎপর্য বাস্তব প্রস্তুতির চেয়ে অনেক বেশি আলোচিত হচ্ছে।

বিশ্লেষকরা বলেন, সরকারকে ঘিরে অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান এবং শ্রমিক অসন্তোষসহ নানা চ্যালেঞ্জ রয়েছে। পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ, বিভিন্ন স্থানে সংঘাত এবং জনজীবনের অর্থনৈতিক চাপ সরকারের জন্য স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষা। এই সময়ে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা নতুন একটি রাজনৈতিক বিতর্ক ছাড়া কিছুই নয়।

সরকারের প্রতিটি বক্তব্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কূটনৈতিক তৎপরতা এখন এই প্রশ্নকে কেন্দ্র করেই আলোচিত হচ্ছে। সরকার কী করবে, ভারত কী সিদ্ধান্ত নেবে, পাসপোর্ট দেয়া হবে কি না, প্রত্যর্পণ চুক্তি কার্যকর হবে কি না প্রতিটি বিষয় রাজনৈতিক বিতর্কের নতুন উপাদান হয়ে ওঠছে। মূলত এগুলোকে এতটা পাত্তা দেয়ার কিছু নেই। দুই দেশের পররাষ্ট্র বিভাগ আইনগত সিদ্ধান্ত নেবে তাকে কীভাবে বা কোন প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হবে। অথচ সেটা না ঘটে, ফাঁকা আওয়াজ দেওয়া ঘোষণাটির মনস্তাত্ত্বিক প্রভাব ছড়িয়েছে চারদিকে। হাসিনা দেশে না এলেও তার দেশে ফেরার প্রশ্নকে সামনে রেখে সরকারকে প্রতিনিয়ত অবস্থান ব্যাখ্যা করতে হচ্ছে। আর এর ফলে ঘটছে উল্টোটা। আওয়ামী লীগও সেই বিতর্ককে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক উপস্থিতি জানান দেয়ার সুযোগ পাচ্ছে। ফলে বাস্তবে প্রত্যাবর্তন না ঘটলেও ঘোষণাটি রাজনৈতিকভাবে কার্যকর হয়ে ওঠেছে। অথচ এটাই সত্য যে, এই ঘোষণা পরিকল্পিতভাবে সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন পরিস্থিতিকে আরও জটিল করেছে। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করার বিষয়টি সামনে আসার পর সরকারি মহলে প্রশ্ন ওঠেছে, একজন সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে দন্ডিত ব্যক্তির নাগরিক পরিচয়সংক্রান্ত আবেদন কীভাবে বিবেচিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আবেদনটির আইনি ভিত্তি ও অধিকার পর্যালোচনা করা হচ্ছে। সরকারের বক্তব্য অনুযায়ী, সন্ত্রাস ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা দন্ডিত ব্যক্তির ক্ষেত্রে নতুন ভ্রমণ নথি দেওয়ার প্রশ্নে আইনি বাধা রয়েছে। একইসঙ্গে প্রত্যর্পণের জন্য নতুন পাসপোর্ট বা এনআইডি অপরিহার্য নয় বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। অপরদিকে আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাতসহ দলটির নেতারা দাবি করছেন, নাগরিক হিসেবে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার অধিকার রয়েছে। তাদের বক্তব্য, সরকার তাকে রাজনৈতিকভাবে ভয় পাচ্ছে বলেই দেশে ফেরার পথ সংকুচিত করতে চাইছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এবং বিদেশে অবস্থানরত ব্যক্তির প্রত্যর্পণ চারটি পৃথক আইনি বিষয়। একটির অধিকার অন্যটির আইনি দায় স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত করে না। ফলে পাসপোর্টের আবেদনকে কেন্দ্র করে রাজনৈতিক বক্তব্য যতই জোরালো হোক, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নির্ভর করবে প্রচলিত আইন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখতিয়ারের ওপর।

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং আপিলের সুযোগ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে বলে রূপালী বাংলাদেশকে জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এনামুল হক। অন্যদিকে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের বক্তব্য অনুযায়ী, রায় ঘোষণার পর নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করায় তার আপিলের সুযোগ শেষ হয়েছে। দেশে ফিরলে তাকে আইনের মুখোমুখি হতে হবে এবং মৃত্যুদন্ডের রায় কার্যকরের প্রক্রিয়া সামনে আসবে। তবে এই ব্যাখ্যার সঙ্গে একমত নন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তার বক্তব্য, ফৌজদারি বিচারব্যবস্থায় রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়টি একটি মৌলিক আইনি প্রক্রিয়া। শেখ হাসিনার আপিলের সুযোগ নেই এটা যারা বলছেন, তারা রাজনৈতিক মতাদর্শ থেকে বিষয়টি ব্যাখ্যা করছেন কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি। খবর : অন্য দৈনিক

ব্যারিস্টার এনামুল হক বলেন, মূলত এই বিরোধের নিষ্পত্তি রাজনৈতিক বক্তব্য দিয়ে সম্ভব নয়। সংশ্লিষ্ট আইনের বিধান, ট্রাইব্যুনালের কার্যবিধি, রায়ের প্রকৃতি এবং আপিলের এখতিয়ার পর্যালোচনা করেই সিদ্ধান্তে পৌঁছাতে হবে। বিশেষ করে অনুপস্থিতিতে বিচার, দন্ডাদেশের পর আপিলের সময়সীমা এবং আত্মসমর্পণ বা গ্রেপ্তারের পর আইনি প্রতিকার পাওয়ার সুযোগ এসব প্রশ্নের সুনির্দিষ্ট ব্যাখ্যা জরুরি। কারণ, একজন ব্যক্তির বিরুদ্ধে যত গুরুতর অভিযোগই থাকুক, বিচারপ্রক্রিয়ার বৈধতা ও আইনি অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আইনের প্রশ্নে অস্পষ্টতা থাকলে তা ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়েও বিতর্ক তৈরি করতে পারে।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড. রায়হান রশীদ বলেছেন, বাংলাদেশের সংবিধান, সর্বজনীন মানবাধিকার ঘোষণা এবং কনস্যুলার সম্পর্কিত ভিয়েনা কনভেনশনসহ বিভিন্ন আন্তর্জাতিক আইন অনুযায়ী, কোনো সরকারই কোনো নাগরিককে তার নিজের দেশে ফিরতে বাধা সৃষ্টি করতে পারে না। শেখ হাসিনার এই ইস্যুটি সম্পূর্ণ রাজনৈতিক এবং সে কারণেই সরকারের পক্ষ থেকে আইনের চেয়ে রাজনীতিটাই বেশি গুরুত্ব পাচ্ছে।

——————————————————————————————————————————————

সাবেক কূটনীতিক হাসান মাহমুদ বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমীকরণ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। ২০১৩ সালে স্বাক্ষরিত এবং ২০১৬ সালে সংশোধিত বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশ তাকে ফেরত চাওয়ার বিষয়টি সামনে রেখেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই নিষ্পত্তি হবে। এই অবস্থান দিল্লির জন্যও সহজ নয়। একদিকে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্ক, অন্যদিকে ভারতে অবস্থানরত সাবেক সরকারপ্রধানের প্রত্যর্পণের প্রশ্ন। প্রত্যর্পণ চুক্তিতে প্রত্যাখ্যানের নির্দিষ্ট বিধান রয়েছে। রাজনৈতিক চরিত্রসম্পন্ন অপরাধের প্রশ্নে ব্যতিক্রমের সুযোগ থাকলেও গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগ এবং সংশ্লিষ্ট বিচারিক নথি বিবেচনায় নিতে হবে। বাংলাদেশের জন্য তাই কেবল রাজনৈতিক দাবি জানানো যথেষ্ট নয়। প্রত্যর্পণের আবেদনকে শক্তিশালী করতে প্রয়োজন মামলার পূর্ণাঙ্গ নথি, আদালতের আদেশ, অভিযোগের প্রমাণ এবং চুক্তির বিধান অনুযায়ী যথাযথ আইনি প্রস্তুতি। কূটনৈতিক চাপের চেয়ে শক্তিশালী হতে হবে আইনি ভিত্তি।

——————————————————————————————————————————————

শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগও সামনে আসছে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়, কিছু অসাধু ব্যবসায়ী ও শিল্পপতির অর্থায়নে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে এমন অভিযোগও আলোচনায় রয়েছে।

এ বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা ‘হেলপ ফর ইউ’ দুই হাজার সাধারণ মানুষ এবং ৫০ জন রাজনৈতিক বিশ্লেষকের ওপর জরিপ চালিয়েছে। সংস্থাটির মুখপাত্র অ্যাডভোকেট রুনা আখতারের বক্তব্য অনুযায়ী, দেশে ফেরার বার্তার মাধ্যমে অভ্যন্তরীণ পরিস্থিতি ঘোলাটে করা, সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করা এবং দলীয় কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা করা হয়েছে মাত্র।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!