বাস পুড়ে গেলে ক্ষতি পূরণের সুযোগ থাকে, কিন্তু শ্রমিকের জীবন হারালে ?

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৫ পাঠক

দিশারী ডেস্ক।। ১২ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ।।

রাত গভীর হলে ঢাকার বিভিন্ন সড়কের দুই পাশে সারি সারি বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কোনোটি টার্মিনালের বাইরে, কোনোটি আবাসিক এলাকার সড়কে, আবার কোনোটি গুরুত্বপূর্ণ মোড় ও প্রধান সড়কের একাংশ দখল করে রাখা হয়। এসব বাসের কিছুতে রাত কাটান চালক ও হেলপাররা। কিন্তু একের পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনায় তাদের জীবনও পড়ছে ভয়াবহ ঝুঁকিতে। আগুন লাগলে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা শ্রমিকদের বের হওয়ার সুযোগ কতটুকু, তাদের নিরাপত্তার দায়িত্বই বা কার?

গত ১০ নভেম্বর ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে পার্ক করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় চালক কালাচাঁদ শেখের মৃত্যু হয়। তিনি বাসটির ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুন ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ১৪টি পরিবহনে অগ্নিসংযোগ করা হয়।

এর পরদিন গত মঙ্গলবার ভোরে রাজধানীর পল্লবীর ফুলকলী মোড়ে সড়কের পাশে পার্ক করে রাখা বিকল্প পরিবহন ও অভিজাত পরিবহনের দুটি বাসে আগুন দেয়া হয়। একই দিন মিরপুর চিড়িয়াখানা রোড এলাকায় আরও একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাসগুলোর বিভিন্ন অংশ পুড়ে যায়। তবে এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

——————————————————————————————————————————

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২ থেকে ১১ নভেম্বর পর্যন্ত ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে ৩২টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২ নভেম্বর দুটি, ৩ নভেম্বর একটি, ৪ নভেম্বর একটি, ৫ নভেম্বর একটি, ৬ নভেম্বর একটি, ৭ নভেম্বর দুটি, ৮ নভেম্বর তিনটি, ৯ নভেম্বর চারটি, ১০ নভেম্বর ১৪টি এবং ১১ নভেম্বর তিনটি বাসে আগুন দেয়া হয়। এসব ঘটনার মধ্যে রাজধানীতেই বেশি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

——————————————————————————————————————————

পর পর এসব ঘটনায় বাসের নিরাপত্তার পাশাপাশি চালক-হেলপারদের রাতযাপনের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে সড়কের পাশে অরক্ষিত অবস্থায় পার্ক করা বাসের ভেতরে শ্রমিকদের ঘুমানোর বিষয়টি উদ্বেগ বাড়াচ্ছে। একটি বাসে আগুন লাগলে মালিকের আর্থিক ক্ষতির পাশাপাশি ভেতরে থাকা শ্রমিকদের জীবনও মুহূর্তে বিপন্ন হতে পারে।

রাজধানীর মিরপুর, পল্লবী, রামপুরা, বাড্ডা, আজিমপুর, গাবতলী, শ্যামলী, কল্যাণপুর ও মহাখালীসহ বিভিন্ন এলাকায় রাতের বেলায় সড়কের পাশে বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কোনো কোনো স্থানে একাধিক পরিবহনের বাস সারিবদ্ধভাবে রাখা হয়। এসব বাসের অনেকগুলোর জন্য নিজস্ব ডিপো বা নির্ধারিত পার্কিংয়ের ব্যবস্থা নেই। ফলে রাতের বেলায় সড়কই হয়ে ওঠেছে বাস রাখার জায়গা।

বাসের ভেতরে চালক ও হেলপারদের রাত কাটানোর প্রবণতাও রয়েছে। কেউ বাসের সিটে, কেউ বা ভেতরের ফাঁকা জায়গায় ঘুমান। অথচ অগ্নিসংযোগের ঘটনা ঘটলে আগুন ও ধোঁয়ায় বাসের ভেতর আটকা পড়ার আশঙ্কা থাকে। দ্রুত বের হওয়ার সুযোগ না পেলে তা প্রাণঘাতী হয়ে ওঠতে পারে।

বাসে অগ্নিসংযোগ প্রতিরোধ ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৩ সালের নভেম্বরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পরিবহন মালিক ও শ্রমিকদের জন্য ১০ দফা নির্দেশনা দিয়েছিল। এতে রাতে বাস বিচ্ছিন্নভাবে না রেখে এক জায়গায় খোলা স্থানে রাখার পাশাপাশি নিজস্ব নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়। বাসের ভেতরে রাতে ঘুমানো থেকে বিরত থাকা, অন্তত একজনকে পাহারায় রাখা এবং চালক ও সহকারী যেন একই সময়ে বাস ছেড়ে না যান, সে বিষয়েও নির্দেশনা ছিল।

কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, বাসের ভেতরেই রাত কাটাচ্ছেন চালক ও হেলপারদের অনেকে। অর্থাৎ বাসের ভেতরে রাতযাপন না করার নির্দেশনা বাস্তবে কতটা মানা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। শ্রমিকদের জন্য বিকল্প বিশ্রামের ব্যবস্থা না থাকলে নির্দেশনা বাস্তবায়নও কঠিন হয়ে পড়ছে।

রাজধানীর পল্লবী, আজিমপুর ও রামপুরা এলাকায় খোঁজ নিয়ে বাসের ভেতরে শ্রমিকদের রাতযাপনের তথ্য পাওয়া গেছে। আজিমপুরে ভিআইপি পরিবহনের এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভোরে গাড়ি নিয়ে রাস্তায় নামতে হয়। এ কারণে গাড়িতেই রাতযাপন করি। বাসে আগুন দেয়ার ঘটনায় একটু ভয় লাগে। কিন্তু কিছুই করার নেই। পেটের দায়ে কাজ করি। জীবনের চেয়ে আমার কাছে কাজটাই অনেক বড়।

পল্লবী এলাকায় তিনজন পরিবহন শ্রমিকও বাসের ভেতরে ঘুমানোর কথা স্বীকার করেন। তাদের ভাষ্য, ফজরের আজানের পরপরই গাড়ি নিয়ে সড়কে নামতে হয়। এ কারণে বাসেই রাত কাটান তারা। বাসে অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক থাকলেও বিকল্প বিশ্রামের ব্যবস্থা না থাকায় এভাবেই থাকতে হচ্ছে তাদের।

শ্রমিকদের এসব বক্তব্যে স্পষ্ট, নিরাপত্তার ঝুঁঁকি সম্পর্কে সচেতন থাকলেও জীবিকার প্রয়োজনে তাদের বাসের ভেতরেই রাত কাটাতে হচ্ছে। ফলে শুধু নির্দেশনা জারি নয়, শ্রমিকদের জন্য নিরাপদ বিকল্প ব্যবস্থা নিশ্চিত করাও জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।

ঢাকায় পর্যাপ্ত বাস ডিপো ও গ্যারেজ না থাকা দীর্ঘদিনের সমস্যা। পরিবহন মালিকরাও নির্ধারিত পার্কিংয়ের জায়গার সংকটের কথা বলে আসছেন। এ কারণে অনেক বাস রাতের বেলায় সড়কের পাশে রাখা হয়। অথচ বাসের অনুমোদনের সময় পার্কিংয়ের জায়গা দেখানোর বিধান রয়েছে। বাস্তবে অনুমোদনের সময় দেখানো জায়গা ব্যবহার করা হচ্ছে কি না, তা নিয়ে কার্যকর তদারকি থাকলে এভাবে সড়কের পাশে বাস দাঁড় করিয়ে রাখা হতো না। খবর : অন্য দৈনিক

——————————————————————————————————————————

পরিবহন বিশ্লেষক ও বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, পরিবহন মালিকদেরও এ ক্ষেত্রে দায়িত্ব রয়েছে। চালক-হেলপারদের দিয়ে বাস পাহারা দেয়ানো কিংবা বাসের ভেতরে রাত কাটানোর পরিস্থিতি তৈরি হলে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের মতে, বাসের ভেতরে রাতযাপন ঝুঁকিপূর্ণ হওয়ায় শ্রমিকদের জন্য আলাদা নিরাপদ বিশ্রামাগারের ব্যবস্থা করা প্রয়োজন।

——————————————————————————————————————————

তিনি বলেন, বাসের অনুমোদন ও ফিটনেস, পার্কিং ব্যবস্থাপনা, সড়কে শৃঙ্খলা এবং অগ্নিনিরাপত্তার সঙ্গে একাধিক সরকারি সংস্থা জড়িত। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), দুই সিটি করপোরেশন, ডিএমপি ও ফায়ার সার্ভিসের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সংশ্লিষ্টদের মতে, অনুমোদনের সময় দেখানো পার্কিংয়ের জায়গা বাস্তবে আছে কি না, বাসগুলো নির্ধারিত স্থানে রাখা হচ্ছে কি না, রাতের নিরাপত্তায় মালিক পক্ষ কী ব্যবস্থা নিয়েছে এবং শ্রমিকদের বিশ্রামের বিকল্প ব্যবস্থা রয়েছে কি না— এসব বিষয় নিয়মিত তদারক করা জরুরি। একই সঙ্গে সড়কের পাশে রাখা বাসগুলোতে নিরাপত্তাকর্মী ও সিসিটিভির ব্যবস্থা এবং আগুন লাগলে দ্রুত বের হওয়ার সুযোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা প্রয়োজন।

সূত্র মতে, ঢাকার বিভিন্ন সড়কে রাতে কত বাস পার্ক করা হয় এবং সেগুলোর ভেতরে কতজন চালক-হেলপার রাত কাটান, এর পূর্ণাঙ্গ পরিসংখ্যান সংশ্লিষ্ট কোনো সংস্থার কাছে নেই।

এ বিষয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, বাসগুলোকে নিজ দায়িত্বে নিরাপদ স্থানে পার্কিং করতে হবে। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটার আগেই এ ব্যবস্থা নিতে হবে। আর যত্রতত্র সড়কের পাশে অবৈধ পার্কিং করা হলে ব্যবস্থা নেয়া হবে। তিনি নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে কোনো সন্দেহজনক কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর অনুরোধ করেন।

বিশ্লেষকদের মতে, বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি আগুন লাগার আগেই প্রাণহানি ঠেকানোর ব্যবস্থা নিতে হবে। নির্ধারিত পার্কিং, নিরাপদ বিশ্রামাগার, রাতের পাহারা এবং ডিএমপির ১০ দফা নির্দেশনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি। কারণ, একটি বাস পুড়ে গেলে আর্থিক ক্ষতি পূরণের সুযোগ থাকে। কিন্তু বাসের ভেতরে ঘুমিয়ে থাকা কোনো শ্রমিকের জীবন হারালে সেই ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!