মুখে বিরোধ, অন্তরে প্রেম ! কোন ধরনের রাজনীতি ?

  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৭ পাঠক

দিশারী ডেস্ক।। ১৬ নভেম্বর, ২০২৬।।

প্রকাশ্যে আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের বিরোধিতা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, আওয়ামী লীগের বিচার এবং রাষ্ট্রসংস্কারের প্রশ্নে দুই দলই কঠোর অবস্থানের কথা বলছে। অথচ রাজনীতির মাঠে এমন কিছু ঘটনা ঘটছে, যা তাদের এই অবস্থানের সঙ্গে পুরোপুরি মেলানো কঠিন।

কোথাও আওয়ামী লীগের সাবেক কর্মী-সমর্থকদের জামায়াতের স্থানীয় বলয়ে যুক্ত হওয়ার আলোচনা, কোথাও জামায়াতের সঙ্গে এনসিপির দূরত্ব বাড়লেও রাজনৈতিক কর্মসূচিতে একসঙ্গে থাকার তৎপরতা, আবার কোথাও বিএনপির বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে দুই দলের বক্তব্যে অভিন্ন সুর। এমন বাস্তবতায় প্রশ্ন ওঠেছে, আওয়ামী লীগকে ঠেকানোর কথা বললেও জামায়াত ও এনসিপি কি দলটির কর্মী-সমর্থকদের নিজেদের রাজনৈতিক শক্তি বাড়াতে ব্যবহার করছে ? আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো গোপন সমঝোতা বা যোগাযোগ রয়েছে কি না, তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা বাড়ছে। এমনটাই বলছেন রাজনীতি বিশ্লেষকেরা।

বাংলাদেশের রাজনীতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতা বা ‘ আঁতাত ’ নিয়ে ক্ষমতাসীন বিএনপি, প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী এবং এনসিপির মধ্যে তীব্র পাল্টাপাল্টি অভিযোগ আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও তার বক্তব্যে একাধিকবার আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে ঐক্য বা বোঝাপড়া তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন।

তিনি বলেছেন, ‘ গোয়েন্দাদের কাছে খবর আছে ’ এবং ‘ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের গোপন আঁতাতের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। ’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর আঁতাত রয়েছে এবং এ বিষয়ে বিএনপির কাছে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য-প্রমাণ রয়েছে। জামায়াত বর্তমানে আওয়ামী লীগের সমর্থন চাইছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খাঁন জামায়াত ও এনসিপি আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগ এনেছেন। এ ছাড়া তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকেরও অভিযোগ তুলেছেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এ ধরনের অভিযোগ সরাসরি নাকচ করে দিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন, যে আওয়ামী লীগ জামায়াতের পাঁচজন শীর্ষ নেতার ফাঁসি দিয়েছে এবং দলীয় অফিস বন্ধ রেখেছে, তাদের সঙ্গে জামায়াতের আঁতাত কীভাবে সম্ভব ? জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। একইসঙ্গে তিনি পাল্টা অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা বা সহযোগিতা ছাড়া নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে প্রকাশ্যে তৎপরতা চালানো সম্ভব নয়।

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বিএনপির তোলা অভিযোগ অস্বীকার করে পাল্টা বিএনপির বিরুদ্ধেই আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপন সমঝোতার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপি ও জামায়াত উভয় দলেরই ‘ব্যাকডোরে’ বা পেছনের দরজা দিয়ে সমঝোতা ও সখ্য গড়ার বিষয়টি দিন দিন স্পষ্ট হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছর ডিসেম্বরে জামায়াতের সঙ্গে নির্বাচনি সমঝোতায় যায় এনসিপি। পরে ১১-দলীয় জোটের অংশ হয়ে নির্বাচনি রাজনীতিতে তাদের পথচলা শুরু হয়। কিন্তু এই সমঝোতা এনসিপির জন্য রাজনৈতিক সুবিধার পাশাপাশি বড় ধরনের পরিচয়সংকটও তৈরি করে। জুলাই গণঅভ্যুত্থানের তরুণ নেতৃত্বের দল হিসেবে যে স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান তৈরির কথা ছিল, জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তার একটি অংশ প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। যদিও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম শুরু থেকেই একে আদর্শিক নয়, কৌশলগত সমঝোতা হিসেবে ব্যাখ্যা করেছেন। কিন্তু দলটির ভেতরে সবাই এই ব্যাখ্যা মেনে নেননি। তাজনূভা জাবীন, তাসনিম জারা এবং সর্বশেষ ৫ নভেম্বর সামান্তা শারমিনের দলত্যাগ সেই অসন্তোষকে প্রকাশ্যে এনেছে।

অন্যদিকে জামায়াতের সঙ্গে এনসিপির দূরত্বের আরেকটি কারণ তৈরি হয়েছে বিএনপি সরকারের প্রতি জামায়াতের অবস্থান ঘিরে। ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন এবং পরদিন বিজয়ী বিএনপির প্রার্থীকে স্থানীয়ভাবে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করার ঘটনায় এনসিপির নেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও হাসনাত আবদুল্লাহ প্রকাশ্যে জামায়াতের এই অবস্থানের সমালোচনাও করেছেন। এতে একটি বিষয় স্পষ্ট, জামায়াতের সঙ্গে এনসিপির সম্পর্ক এখন আর নিছক নির্বাচনি সমঝোতার মধ্যে সীমাবদ্ধ নেই। কে বিরোধী রাজনীতির নেতৃত্ব দেবে, কে সংস্কারের দাবিতে সামনে থাকবে এবং ভবিষ্যৎ নির্বাচনে কার কতটা সাংগঠনিক শক্তি থাকবে, এসব প্রশ্নেও দুই দলের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দলটির সাংগঠনিক কাঠামো ও রাজনৈতিক কার্যক্রম বড় ধরনের চাপে পড়েছে। কিন্তু দলটির দীর্ঘদিনের স্থানীয় সাংগঠনিক নেটওয়ার্ক, ভোটার এবং কর্মী-সমর্থকেরা পুরোপুরি রাজনৈতিক মাঠের বাইরে চলে গেছেন— এমনটি বলা যায় না। এই জনগোষ্ঠীর একটি অংশ ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নতুন আশ্রয় বা রাজনৈতিক বলয় খুঁজতে পারে। এখানেই জামায়াতের জন্য একটি রাজনৈতিক সুযোগ তৈরি হওয়ায় তারা সেটি কৌশলে ব্যবহার করা শুরু করেছেন। আওয়ামী লীগের অনুপস্থিতিতে স্থানীয় পর্যায়ে নিজেদের সাংগঠনিক বিস্তার, ভোটের হিসেব এবং জনসমর্থন বাড়াতে চাইছে দলটি। কোনো কোনো এলাকায় আওয়ামী লীগের সাবেক কর্মী-সমর্থকদের স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বা জামায়াত-সংশ্লিষ্ট বলয়ে যুক্ত হওয়ার অভিযোগ ও আলোচনা রয়েছে। তবে এটিও সত্য যে রাজনীতিতে কর্মী স্থানান্তর নতুন ঘটনা নয়। ক্ষমতাসীন বা প্রভাবশালী দল থেকে অন্য দলে কর্মী-সমর্থকদের যোগ দেয়ার ঘটনা বিভিন্ন সময়ে ঘটেছে ; বিশেষ করে রাজনৈতিকভাবে দুর্বল অবস্থায় থাকা কর্মীরা নিরাপত্তা, সামাজিক অবস্থান ও ভবিষ্যৎ নির্বাচনি সুবিধার কথা বিবেচনা করে নতুন রাজনৈতিক আশ্রয় খোঁজেন।

———————————————————————————————————————————-

রাজনীতি বিশ্লেষক অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের গোপন যোগাযোগের অভিযোগ তোলা হচ্ছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেছেন, আওয়ামী লীগ দেশে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে এবং জামায়াত-এনসিপি তাতে ঘি ঢালছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও জামায়াত-আওয়ামী লীগের গোপন যোগাযোগের অভিযোগ তুলেছেন। এসব অভিযোগের রাজনৈতিক গুরুত্ব রয়েছে। কারণ বর্তমানে সংসদের প্রধান বিরোধী দল জামায়াত। ফলে জামায়াতের রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক বিস্তার এবং আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সঙ্গে সম্ভাব্য যোগাযোগ— সবই বিএনপির জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। খবর : অন্য দৈনিক

——————————————————————————————————————————-

লেখক ও গবেষক আলতামাসুল ইসলাম বলেন, বাংলাদেশের রাজনীতিতে আদর্শিক বিরোধের পাশাপাশি ক্ষমতার প্রতিযোগিতা বড় ভূমিকা রাখে। সেই বিবেচনায় জামায়াতকে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাজনৈতিকভাবে চাপে রাখা বিএনপির জন্য একটি কার্যকর প্রচারণার কৌশলও হতে পারে। তবে অভিযোগ রাজনৈতিক কৌশল হলেও তার পেছনে কোনো বাস্তব ঘটনা নেই— এমন সিদ্ধান্তেও পৌঁছানো যাবে না। কিছু ছায়া তো দেখা যাচ্ছেই। এখানে দুটি বিষয় আলাদা করে দেখা প্রয়োজন। প্রথমত, আওয়ামী লীগের কোনো কর্মী বা সমর্থক জামায়াতের স্থানীয় বলয়ে যুক্ত হচ্ছেন কি না। দ্বিতীয়ত, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্বের কোনো রাজনৈতিক সমঝোতা, যোগাযোগ বা নির্বাচনি বোঝাপড়া রয়েছে কি না। প্রথমটির কিছু বিচ্ছিন্ন উদাহরণ পাওয়া গেলেও দ্বিতীয়টির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ প্রয়োজন। একইভাবে এনসিপির বিরুদ্ধে এমন অভিযোগের ক্ষেত্রেও সুনির্দিষ্ট তথ্য ছাড়া এই মুহূর্তে স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তবে আলামত মিলছে।

তিনি আরও বলেন, জামায়াতের সঙ্গে জোটে থাকা এবং একই সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের বিরোধিতা করা— এ দুটি অবস্থানের মধ্যে সরাসরি কোনো বিরোধ নেই। কিন্তু এনসিপির রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন ওঠছে অন্য জায়গায়। এনসিপির কাছে প্রত্যাশা ছিল, তারা পুরোনো রাজনৈতিক মেরুকরণের বাইরে একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি তৈরি করবে। কিন্তু নির্বাচনি সমঝোতার পর জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতা, বিভিন্ন বিষয়ে দলটির অবস্থানের সঙ্গে মিল এবং পরবর্তী সময়ে জামায়াতের সমালোচনা— সব মিলিয়ে এনসিপির রাজনৈতিক কৌশল নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে।

দলটির একাংশ জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, আবার অন্য অংশ জোটের ভেতরে থেকেই দর-কষাকষির ক্ষমতা বাড়াতে চাইছে। ফলে এনসিপির ভেতরের মতপার্থক্য শুধু জামায়াতের সঙ্গে সম্পর্কের প্রশ্নে সীমাবদ্ধ নেই; এটি দলটির ভবিষ্যৎ রাজনৈতিক পরিচয়ের প্রশ্নেও পরিণত হয়েছে। আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিষয়ে এনসিপির অবস্থানও এখানে গুরুত্বপূর্ণ। তারা কি কেবল আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বের বিচার ও পুনর্বাসন ঠেকানোর কথা বলছে, নাকি দলটির সাধারণ কর্মী-সমর্থকদেরও রাজনীতির বাইরে রাখার পক্ষে? এই পার্থক্য পরিষ্কার না হলে ভবিষ্যতে আওয়ামী লীগের ভোটারদের একটি অংশকে কাছে টানার রাজনৈতিক সুযোগ তৈরি হতে পারে। মনে হচ্ছে তারা সেদিকেই এগোচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাইফুল আলম বলেন, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের মধ্যে কোনো গোপন রাজনৈতিক সমঝোতা আছে— এমনটা আপাতদৃষ্টিতে মনে হলেও স্পষ্ট করে বলার সময় এখনো আসেনি। এখানে কয়েকটি বিষয় দেখা জরুরি। আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় বা স্থানীয় নেতাদের সঙ্গে জামায়াত ও এনসিপির নীতিনির্ধারকদের যোগাযোগের ধরন কী? স্থানীয় পর্যায়ে দলবদলের পেছনে কোনো সমন্বিত নির্দেশনা রয়েছে কি না? নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি বা সাংগঠনিক তৎপরতার ক্ষেত্রে জামায়াত ও এনসিপির কোনো অংশের ভূমিকা রয়েছে কি না? ভবিষ্যৎ নির্বাচনে প্রার্থী, ভোট ও সাংগঠনিক সমর্থন নিয়ে কোনো অনানুষ্ঠানিক সমঝোতা হচ্ছে কি না ? এসব প্রশ্নের উত্তর মিললেই তখন স্পষ্ট হয়ে উঠবে সব কিছু।

সাইফুল আলম আরও বলেন, তবে এটা নিশ্চিত করে বলা যায় যে জামায়াতের জন্য এখন বড় চ্যালেঞ্জ নিজেদের বিরোধী দলের অবস্থান সুসংহত করা এবং বিএনপির সঙ্গে রাজনৈতিক প্রতিযোগিতায় সাংগঠনিক শক্তি বাড়ানো। আওয়ামী লীগের অনুপস্থিতিতে নতুন ভোটার ও কর্মী-সমর্থকদের কাছে পৌঁছানো তাদের রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। এনসিপির সঙ্গে হাত মেলানোর মতো এটাও হয়তো তাদের একটি রাজনৈতিক কৌশল হতে পারে।

সব মিলিয়ে, জামায়াত-এনসিপি জোটের টানাপোড়েন এবং আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ভবিষ্যৎ অবস্থান— দুটি বিষয় এখন জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ সমীকরণ। প্রকাশ্যে আওয়ামী লীগের বিরোধিতা করলেও নেপথ্যে দলটির ভোটার বা কর্মীদের নিয়ে কার কী পরিকল্পনা, তা নিয়ে প্রশ্ন থাকছেই।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!