আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মৃত্যুর পর দাফনের জায়গা কোথায় ?

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১০ পাঠক

মশিউর রহমান ।। ১৭ নভেম্বর, ২০২৬।।

আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোতে যারা বসবাস করেন, তারা হলেন নদীভাঙনে সর্বস্ব হারানো, ভূমিহীন ও অসহায় মানুষ। যাদের নিজের কোনো জমি নেই, মাথা গোঁজার ঠাঁই নেই। তাদের জন্যই সরকার আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে কয়েক লক্ষ ঘর নির্মাণ করে দিয়েছে। এসব প্রকল্পের কোনো কোনো এলাকায় ১০০, ২০০ এমনকি ৩০০টি পরিবারও বসবাস করছে।

কিন্তু একটি মানবিক সমস্যা কি আমরা ভেবে দেখেছি ?

এই পরিবারগুলোর কেউ মারা গেলে তাকে কোথায় দাফন করা হবে ? তাদের নিজস্ব কোনো কবরস্থানের জায়গা নেই। স্থানীয় মসজিদের কবরস্থানে জায়গা কিনে বা নির্ধারিত অর্থ জমা দিয়ে দাফনের ব্যবস্থা করতে হয়। অনেক ক্ষেত্রে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দিতে হয়। যে পরিবার জীবদ্দশায় ভূমিহীন, অভাব-অনটনের কারণে যার জীবন চলে, মৃত্যুর পর তার পরিবারের পক্ষে এই অর্থ জোগাড় করাও কঠিন হয়ে পড়ে।

সরকার যাদের মাথা গোঁজার ঠাঁই দিয়েছে, তাদের মৃত্যুর পর শেষ ঠিকানার ব্যবস্থাটুকুও কি করা যায় না ?

আমাদের দাবি, আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি এলাকায় অথবা একাধিক প্রকল্পের জন্য সুবিধাজনক স্থানে সরকারি উদ্যোগে একটি করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত কবরস্থান স্থাপনের ব্যবস্থা করা হোক। প্রয়োজনীয় জমি সরকারি খাসজমি থেকে বরাদ্দ দেয়া যেতে পারে। জমি না থাকলে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জমি অধিগ্রহণ বা ক্রয়ের উদ্যোগ নেয়া যেতে পারে।

মনে রাখতে হবে, মানুষের মৌলিক প্রয়োজন শুধু বেঁচে থাকার জন্য একটি ঘর নয় ; মৃত্যুর পর সম্মানজনকভাবে শেষ বিদায়ের ব্যবস্থাও একটি গুরুত্বপূর্ণ মানবিক বিষয়।

আমাদের আবেদন, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জন্য ঘরের পাশাপাশি কবরস্থানের ব্যবস্থাও নিশ্চিত করা হোক। জীবনের ঠিকানা সরকার দিয়েছে, মৃত্যুর শেষ ঠিকানাটুকুও নিশ্চিত হোক। এটি কোনো রাজনৈতিক দাবি নয় ; এটি ভূমিহীন ও অসহায় মানুষের একটি ন্যায্য মানবিক দাবি।

লেখক : সাবেক সহকারী ভূমি কর্মকর্তা।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!