খুতবায় ডায়াবেটিসের ঝুঁকি কমেছে ৪৩ শতাংশ

  • আপডেট সময় শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৬ পাঠক

দিশারী ডেস্ক। ১৪ নভেম্বার, ২০২৬।।

ইমামদের খুতবায় ধর্মীয় বিষয়ের বাইরে জীবনযাত্রা নিয়েও আলোচনা ছিল। বয়ানে স্বাস্থ্যশিক্ষা, খাদ্যাভ্যাস পরিবর্তন ও ব্যায়ামে উৎসাহিত করা হয়েছে। এতে প্রি-ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নতুন করে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি প্রায় অর্ধেক কমে গেছে। পাশাপাশি এতে রোগটি আগেই শনাক্ত করে চিকিৎসার সুযোগ বাড়বে।

বাংলাদেশের পাঁচ জেলার আটটি মসজিদকেন্দ্রিক এলাকায় পরিচালিত ‘ বাংলাদেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিস প্রতিরোধে ধর্মীয় মূল্যবোধভিত্তিক জীবনযাপন পরিবর্তন কর্মসূচি : গুচ্ছভিত্তিক দৈবায়িত ক্লিনিক্যাল ট্রায়াল ’ শীর্ষক গবেষণায় এমন ফলাফল পাওয়া গেছে। গবেষণাটি করেছেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চের গবেষক ও সহযোগী প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা। গবেষণাটি ২০২৫ সালের ২০ অক্টোবর একটি আন্তর্জাতিক চিকিৎসাবিষয়ক সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

গবেষণায় দেখা গেছে, মসজিদভিত্তিক জীবনযাপন পরিবর্তন কর্মসূচিতে অংশ নেয়া ব্যক্তিদের মধ্যে ১২ মাসে ৯ দশমিক ৮ শতাংশ নতুন করে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে প্রচলিত স্বাস্থ্য পরামর্শ পাওয়া দলের ক্ষেত্রে এ হার ১৭ দশমিক ১ শতাংশ। দুই দলের তুলনায় ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আপেক্ষিক ঝুঁকি ৪২ দশমিক ৫ শতাংশ কম পাওয়া গেছে।

গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন বাডাসের সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। তিনি বলছেন, স্বাস্থ্যসম্মত জীবনধারা অনুসরণ করলে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। ইসলাম ধর্মে জীবনযাত্রা নিয়ে নানা শক্তিশালী বার্তা আছে। এসব বার্তা খুতবার মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া গেলে ইতিবাচক ফল আসে। মানুষ জীবনযাত্রায় পরিবর্তন আনে, উপকৃত হয়। ডায়াবেটিসও প্রতিরোধ হয়, নিয়ন্ত্রণে থাকে।

গবেষণাটিতে ২৫-৬৫ বছর বয়সী প্রি-ডায়াবেটিসে আক্রান্ত ৭৯৯ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। গবেষণার এলাকা ছিল মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, ঢাকা ও টাঙ্গাইল জেলার আটটি মসজিদকেন্দ্রিক এলাকা। খবর : অন্য দৈনিক

গবেষণায় অংশগ্রহণকারীদের দুটি দলে ভাগ করা হয়। একটি দলকে মসজিদভিত্তিক জীবনযাপন পরিবর্তন কর্মসূচির আওতায় আনা হয়। অন্য দলকে প্রচলিত স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়। মসজিদভিত্তিক কর্মসূচিতে ইমাম ও প্রশিক্ষিত নারী সহকারীরা যুক্ত ছিলেন। তাদের মাধ্যমে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটা, শাররিক ব্যায়াম এবং ওজন নিয়ন্ত্রণের বিষয়ে পরামর্শ দেয়া হয়। ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সুস্থ জীবনযাপনের বার্তা যুক্ত করে প্রতি মাসে স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।

————————————————————————————————————————————

গবেষণায় দেখা যায়, শুধু ডায়াবেটিসের ঝুঁকি কমানোই নয়, অংশগ্রহণকারীদের ওজন, কোমরের মাপ ও রক্তে শর্করার মাত্রারও উন্নতি হয়েছে। মসজিদভিত্তিক কর্মসূচিতে অংশ নেয়া ব্যক্তিদের গড় ওজন ৫ দশমিক ৪ কেজি কমেছে। নিয়ন্ত্রণ দলের ক্ষেত্রে কমেছে ১ দশমিক ১ কেজি। একইভাবে প্রথম দলের কোমরের মাপ গড়ে ৬ সেন্টিমিটার কমেছে। দ্বিতীয় দলের ক্ষেত্রে কমেছে ২ দশমিক ১ সেন্টিমিটার।

————————————————————————————————————————————

এ ছাড়া মসজিদভিত্তিক কর্মসূচির দলের রক্তে গ্লুকোজের মাত্রা কমেছে। অংশগ্রহণকারীদের শাররিক কর্মকাণ্ড ও ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বেড়েছে।

খুতবায় জীবনযাত্রা পরিবর্তনের আলোচনাকে দারুণ উদ্যোগ বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল জেলার ধনবাড়ীর বাসিন্দা কফিল উদ্দিন (৪৯)। গবেষণা চলাকালে তিনি প্রতি মাসে খুতবা শুনেছেন। তিনি বলছেন, খুতবায় ডায়াবেটিস সম্পর্কে অনেক কিছু জেনেছি। এখন নিয়মিত সকালে হাঁটি, গ্লুকোজ মেপে দেখি। পরিবারের বাকিদেরও এসব নিয়ম পালনে উদ্বুদ্ধ করি। গবেষণার শুরুতে ৭৯৯ জন অংশ নিলেও ১২ মাসের অনুসরণ সম্পন্ন করেন ৬৪১ জন। গবেষকদের মতে, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে জীবনযাত্রায় পরিবর্তন আনার এ ধরনের উদ্যোগ ডায়াবেটিস প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

এই গবেষণার ফলাফলের ভিত্তিতে বর্তমানে ১০০টি মসজিদে এ কার্যক্রম চলছে। এর আওতায় ইমাম ও একজন নারীকে স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

জাতীয় অধ্যাপক আজাদ খান জানিয়েছেন, এই গবেষণার ফলাফল কাজে লাগানো গেলে দেশ জুড়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাড়া মিলবে। বিশেষ করে যেখানে স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত, সেখানে কমিউনিটিভিত্তিক এই উদ্যোগের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। শিশুরাও আক্রান্ত হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ জানে না, তারা ডায়াবেটিসে আক্রান্ত।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৫ সালের ডায়াবেটিস অ্যাটলাস অনুযায়ী, বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। তাদের মধ্যে প্রায় ৫৪ লাখ মানুষ জানে না যে তারা এ রোগে আক্রান্ত। অর্থাৎ আক্রান্ত ব্যক্তিদের ৩৯ দশমিক ১ শতাংশের ডায়াবেটিস শনাক্ত হয়নি।

আইডিএফের হিসেব, দেশে এ বয়সী মানুষের মধ্যে ডায়াবেটিসের হার ১২ দশমিক ৩ শতাংশ। বয়স সমন্বয় করলে এ হার ১৩ দশমিক ২ শতাংশ। সংস্থাটির পূর্বাভাস, ২০৫০ সাল নাগাদ দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে ২ কোটি ৩০ লাখ ছাড়াতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিসের বড় চ্যালেঞ্জ হলো রোগটি সময়মতো শনাক্ত না হওয়া। নিয়মিত রক্তের শর্করা পরীক্ষা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শাররিক পরিশ্রমের মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণে রাখা জরুরি।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, নতুন স্বাস্থ্য ব্যবস্থায় একজন স্বাস্থ্যকর্মী বছরে তিনবার প্রতি ঘরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য যাবেন। এ সময় তারা ডায়াবেটিস শনাক্ত করার জন্য প্রত্যেকের গ্লুকোজের মাত্রা দেখবেন। এতে ডায়াবেটিস যেমন দ্রুত শনাক্ত হবে, সেভাবে নিয়ন্ত্রণ রাখাও সহজ হবে।

ডায়াবেটিস রোগপ্রতিরোধ ও এর উন্নত চিকিৎসা-সচেতনতা সম্পর্কে মানুষকে জানাতে প্রতি বছর ১৪ নভেম্বর বিশ্বব্যাপী বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়।

এদিকে ‘ ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই ’— এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে আজ পালিত হচ্ছে ‘ বিশ্ব ডায়াবেটিস দিবস ’। দিবসটি উপলক্ষে বাণী দিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা রোগটি নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করাতে হবে। অন্যদিকে প্রধানমন্ত্রী বলেছেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তিনি বললেন, ‘ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। একই সঙ্গে যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যগ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেষ্ট থাকা উচিত। ’

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!