লুটের অস্ত্র কাদের হাতে ?

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১০ পাঠক

দিশারী ডেস্ক।। ১৬ নভেম্বর, ২০২৬।।

জুলাই অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা থেকে লুট হওয়া বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের বড় একটি অংশের এখনো হদিস মেলেনি। এসব অস্ত্র কোথায়, কার হাতে রয়েছে, তা-ও নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে লুট হওয়া অস্ত্র উদ্ধারের ঘটনায় অপরাধী চক্রের হাতে সেগুলোর পৌঁছানোর প্রমাণ মিলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টদের আশঙ্কা, উদ্ধার না হওয়া অস্ত্রের কিছু অংশ চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত হচ্ছে।

দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে আগ্নেয়াস্ত্রের মহড়া, গুলিবর্ষণ ও সশস্ত্র হামলার ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। গত ১৫ নভেম্বর রাজধানীর রামপুরায় চাঁদার দাবিতে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে গুলি চালানো হয়। একই রাতে নাটোরের দত্তপাড়া বাজারে একদল সশস্ত্র ব্যক্তি ফাঁকা গুলি ছুড়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব ঘটনার সঙ্গে লুট হওয়া অস্ত্রের সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত নয়। তবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রের ব্যবহার ও মজুত বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

—————————————————————————————————————————————

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, পুলিশ বক্স ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা থেকে লুট হওয়া ৫ হাজার ৭৬৩টি আগ্নেয়াস্ত্রের মধ্যে গতকাল সোমবার পর্যন্ত উদ্ধার হয়েছে ৪ হাজার ৪৬২টি। এখনো ১ হাজার ৩০১টি অস্ত্রের হদিস নেই। একই সময়ে লুট হওয়া ৬ লাখ ৫২ হাজার ৮ রাউন্ড গোলাবারুদের মধ্যে উদ্ধার হয়েছে প্রায় ৩ লাখ ৯৫ হাজার রাউন্ড। বাকি ২ লাখ ৫৭ হাজার রাউন্ডের অবস্থান অজানা।

—————————————————————————————————————————————

জানা গেছে, লুট হওয়া অস্ত্রের মধ্যে চীনে তৈরি রাইফেল, সাবমেশিনগান, লাইট মেশিনগান, বিভিন্ন ধরনের পিস্তল, শটগান ও গ্যাসগান রয়েছে। এসব অস্ত্র অপরাধী চক্রের হাতে থাকলে তা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে বিপুল পরিমাণ তাজা গুলি এখনো উদ্ধার না হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামরুল মুনিরা বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। শুধু লুট হওয়া অস্ত্র নয়, সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ।

এদিকে গত ১৫ নভেম্বর রোববার সন্ধ্যায় রাজধানীর রামপুরার ওয়াপদা রোডে ‘স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি’ নামের একটি প্রতিষ্ঠানে ঢুকে চাঁদার দাবিতে গুলি চালানো হয়। এতে প্রতিষ্ঠানটির দুই কর্মী হাবিব রহমান (২৬) ও সাজু আহমেদ (২৮) আহত হন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. পলাশের ভাষ্য, মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা চার ব্যক্তি সেখানে হামলা চালায়। তার অভিযোগ, হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোল্লা জনি ও শফিকুল ইসলাম বাদশা ওরফে গুজা বাদশার অনুসারী।

খবর : অন্য দৈনিক

ইন্টারনেট সেবা খাতের ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি ও হামলার অভিযোগ এর আগেও এসেছে। গত জুলাইয়ে চট্টগ্রামের বাকলিয়া রোডে ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের নাম আলোচনায় আসে। পরে ভারতে পালানোর সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ৯ জুন রাতে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’-এর প্রধান কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।

অন্যদিকে, ১৫ নভেম্বর রাতে নাটোর সদর উপজেলার দত্তপাড়া বাজারে মাইক্রোবাসে আসা একদল সশস্ত্র ব্যক্তি ১৫ থেকে ১৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে ১৪টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়নি। পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে।

লুট হওয়া অস্ত্রের কিছু যে অপরাধীদের হাতে পৌঁছেছে, তার প্রমাণ মিলেছে বিভিন্ন অভিযানে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে এক শীর্ষ অপরাধীকে গ্রেপ্তারের সময় উদ্ধার করা একটি পিস্তল ২০২৪ সালের ৫ আগস্ট কোতোয়ালি থানা থেকে লুট হয়েছিল বলে শনাক্ত করা হয়। একইভাবে পাহাড়তলী ও ডবলমুরিং থানা থেকে লুট হওয়া অস্ত্রও বিভিন্ন অভিযানে উদ্ধার হয়েছে।

এসব ঘটনা থেকে স্পষ্ট, লুট হওয়া অস্ত্রের কিছু অংশ অপরাধী চক্রের কাছে পৌঁছেছে। তবে উদ্ধার না হওয়া সব অস্ত্র অপরাধীদের হাতে রয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। কোন অস্ত্র কোথায় আছে, কার দখলে রয়েছে এবং সেগুলো কী কাজে ব্যবহৃত হচ্ছে, তা শনাক্তে পৃথক তদন্ত প্রয়োজন।

২০২৭ সালের জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি ১৩১টি উপজেলায় ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট আয়োজনের কথা রয়েছে।

—————————————————————————————————————————————

নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা ঘিরে অতীতে বিভিন্ন এলাকায় সংঘর্ষ, সহিংসতা ও পেশিশক্তি প্রদর্শনের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষকে ভয় দেখানো, ভোটের মাঠে প্রভাব বিস্তার এবং আধিপত্য প্রতিষ্ঠায় অবৈধ অস্ত্র ব্যবহারের ঝুঁকি থাকে। এ কারণে এখনো উদ্ধার না হওয়া অস্ত্রের একটি অংশ নির্বাচনি সহিংসতায় ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

—————————————————————————————————————————————

নির্বাচন সামনে রেখে সীমান্ত গলিয়ে নানা কৌশলেও দেশে অস্ত্র ঢুকছে বলে জানা গেছে। এসব অস্ত্র পেশাদার অস্ত্র কারবারিদের হাত হয়ে অপরাধীদের হাতে যাচ্ছে। এসব বিষয় মাথায় রেখে বিজিবিও সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বলে জানা গেছে। এদিকে, সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সীমান্তপথে অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের গোয়েন্দা ইউনিটগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি অবৈধ অস্ত্রের চালান রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রবেশ ঠেকাতে একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে।

অস্ত্র উদ্ধারে সাম্প্রতিক একটি উল্লেখযোগ্য সাফল্য এসেছে পাবনা ও সিরাজগঞ্জে। গত ৪ নভেম্বর বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২) জানায়, দুই জেলার পাঁচটি উপজেলায় অভিযান চালিয়ে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র ও আটটি ওয়াকিটকি।

এসআরবি-১২-এর তথ্য অনুযায়ী, ১ নভেম্বর আত্মসমর্পণ করা ৬৫ জনের দেয়া তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়। সিরাজগঞ্জের তারাশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনার সাঁথিয়া ও আতাইকুলা এলাকায় কয়েক দফায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

লুট হওয়া সরকারি অস্ত্রের পাশাপাশি লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্রের হিসেব নিয়েও উদ্বেগ রয়েছে। ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্সধারী অস্ত্র জমা দেয়ার নির্দেশ দেয়।

—————————————————————————————————————————————

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত বৈধ অস্ত্র রয়েছে ৫৩ হাজার ৭০২টি। এর মধ্যে ব্যক্তিগত লাইসেন্সের অস্ত্র ৪৮ হাজার ২৮৩টি, আর্থিক প্রতিষ্ঠানের ৪ হাজার ৮৫৪টি এবং অন্যান্য প্রতিষ্ঠানের নামে ৫৬৫টি। অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যভাণ্ডারের বরাত দিয়ে প্রকাশিত হিসেব অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রায় ১৭ হাজার ২০০টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছিল। এর মধ্যে ১৩ হাজার ৩৪০টি জমা পড়ে, জমা পড়েনি ৩ হাজার ৮৬০টি। তবে জমা না দেয়া এসব অস্ত্রের বর্তমান অবস্থান কী, সেগুলোর লাইসেন্সের আইনি অবস্থা কী এবং কোনোটি অপরাধীদের হাতে গেছে কি না, তা স্পষ্ট নয়।

—————————————————————————————————————————————

এদিকে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে সমন্বিত অভিযান জোরদারের ঘোষণা দিয়েছে সরকার। অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য পুরস্কারও নির্ধারণ করা হয়েছে। ভারী অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা এবং পিস্তল, রিভলবার বা শটগান উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হবে। অন্যান্য লুট হওয়া অস্ত্র, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল উদ্ধারে পরিস্থিতি অনুযায়ী ১০ হাজার, ১৫ হাজার বা ২০ হাজার টাকা দেওয়ার কথা জানানো হয়েছে।

র‌্যাবের স্থলাভিষিক্ত বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জানায়, লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ যৌথ অভিযান শুরু হয়েছে। এ অভিযানে এসআরবিকে সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা এবং নিরাপদে তথ্য দেয়ার জন্য হটলাইন ও বিভিন্ন যোগাযোগমাধ্যম ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে।

এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী বলেন, অবৈধ, চুরি হওয়া ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে এসআরবি সব সময় সচেষ্ট ছিল এবং এখনো রয়েছে। এ তৎপরতা অব্যাহত থাকবে। তবে বিশেষ অভিযান ও পুরস্কার ঘোষণার পরও খোয়া যাওয়া অস্ত্রের বড় অংশের অবস্থান শনাক্ত করা যায়নি।

বিশ্লেষকরা বলছেন, কোন জেলা থেকে কত অস্ত্র উদ্ধার হয়েছে, কতটির অবস্থান শনাক্ত হয়েছে, কতজন গ্রেপ্তার হয়েছেন এবং কতটি মামলার তদন্ত শেষ হয়েছে, তার সমন্বিত হালনাগাদ তথ্য নিয়মিত প্রকাশ করা প্রয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তৌহিদুল হক বলেন, অপরাধীদের হাতে থাকা এসব অস্ত্র চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত হচ্ছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রভাব পড়তে পারে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ওমর ফারুকের মতে, সব অস্ত্র উদ্ধার করা বাস্তবসম্মত প্রত্যাশা নয়। তবে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থেকে অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করে অভিযান চালালে অধিকাংশ অস্ত্র উদ্ধার করা সম্ভব হতে পারে।

বিশ্লেষকদের মতে, অস্ত্র উদ্ধারে শুধু দৃশ্যমান অস্ত্রধারীদের গ্রেপ্তার করলেই সমস্যার সমাধান হবে না। অস্ত্রের উৎস, পরিবহন, সংরক্ষণ, হাতবদল এবং অর্থের জোগানদাতাদেরও শনাক্ত করতে হবে।

সীমান্তপথে অবৈধ অস্ত্র প্রবেশ, স্থানীয় অস্ত্র ব্যবসায়ী ও অপরাধী চক্রের যোগাযোগের বিষয়েও নজরদারি বাড়ানো জরুরি। কোনো অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার হলে উদ্ধার হওয়া গুলি ও খোসার ব্যালিস্টিক পরীক্ষা করে অস্ত্রের উৎস শনাক্তের সক্ষমতাও বাড়াতে হবে। তারা বলছেন, দুই বছরের বেশি সময় পরও লুট হওয়া ১ হাজার ৩০১টি অস্ত্র ও আড়াই লাখের বেশি গুলির হদিস না পাওয়া জননিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!