জালিয়াতির মহাযজ্ঞ চট্টগ্রাম শিক্ষাবোর্ড : ১০ বিষয়ে ফেল করেও পাস

  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩০ পাঠক

দিশারী ডেস্ক।। ২২ নভেম্বর, ২০২৬।।

গ্রাম-শহরের বিভিন্ন স্কুল কলেজের কিছু শিক্ষক কর্মকর্তা-কর্মচারী। তাদের সঙ্গে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের একদল কর্মী। এরা মিলেমিশে গড়ে তুলেছে বিশাল জালিয়াত চক্র। এসএসসি কিংবা এইচএসসিতে অকৃতকার্য (ফেল করা) পরীক্ষার্থীকে পাস করিয়ে দেয়া। এ প্লাস পাইয়ে দেয়া। টেস্টে অযোগ্য পরীক্ষার্থীকে ভিন্ন প্রতিষ্ঠানে নিয়ে পাবলিক পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ তৈরি। এছাড়াও সনদ, নম্বরপত্র, বিভিন্ন সংশোধনী নিয়ে দুর্নীতির এ এক মহাযজ্ঞ চট্টগ্রাম শিক্ষাবোর্ডে !

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় হওয়া এক মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তে বেরিয়ে আসছে ‘কেঁচো খুঁড়তে সাপ’।

—————————————————————————————————————————-

গ্রাম-শহরের স্কুল কলেজের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে শিক্ষাবোর্ডের একদল কর্মী মিলে জালিয়াত চক্র
এসএসসি কিংবা এইচএসসিতে ফেল করা পরীক্ষার্থীকে করিয়ে দেয় পাস, কখনো পাইয়ে দেয় এ প্লাস
টেস্টে অযোগ্য পরীক্ষার্থীকে ভিন্ন প্রতিষ্ঠানে নিয়ে পাবলিক পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ
এছাড়াও রয়েছে সনদ, নম্বরপত্র এবং বিভিন্ন সংশোধনী নিয়ে জালিয়াতি

—————————————————————————————————————————-

এসএসসি পরীক্ষায় দশ বিষয়ে ফেল করেন হাসিবুল আলী শোভন নামে এক পরীক্ষার্থী। কিন্তু তাকে জালিয়াতির মাধ্যমে পাস করানোর অভিযোগে গত ২৯ অক্টোবর পাঁচলাইশ থানায় মামলা করেন শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন। ওই মামলায় সর্বশেষ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- বোর্ডের কম্পিউটার বিভাগের প্রোগ্রামার মোহাম্মদ আবদুল মালেক এবং স্ক্যানিং বিভাগের দুই সহকারী ফরহাদুল ইসলাম ও শহিদুল আলম জিসান।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিরিয়াস ক্রাইম বিভাগের পরিদর্শক মোহাম্মদ রাসেল বললেন, ‘পাবলিক পরীক্ষার ফলাফল প্রস্তুতের সংবেদনশীল কক্ষের ইনচার্জ মালেক। তিনি এবং দুই সহযোগীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে আমরা জালিয়াতি ও দুর্নীতির একেবারে মূল জায়গায় হাত দিতে পেরেছি। বোর্ডের ভেতরের ও বাইরের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরেই ফলাফল নিয়ে জালিয়াতি করে আসছে। স্কুল-কলেজ লেভেলের লোকজন থেকে বোর্ড পর্যন্ত দুর্নীতির একটা বিশাল চেইন। আমরা পুরো চক্রের সন্ধানে কাজ শুরু করেছি।’

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের শেষভাগে এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে আরও ভয়াবহ জালিয়াতির ঘটনা ঘটেছিল। নারায়ণ চন্দ্র নাথ পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন। তিনি টেনেটুনে পাস করা নিজের ছেলে নক্ষত্র দেবনাথকে জালিয়াতির মাধ্যমে ‘এ প্লাস’ পাইয়ে দিয়েছিলেন। এজন্য রচনামূলক ও নৈর্ব্যক্তিক মিলিয়ে ১৪টি উত্তরপত্রে সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ২৪ নম্বর পর্যন্ত বাড়িয়ে দেয়া হয়েছিল। এ ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় হওয়া মামলায় জেলও খাটেন নারায়ণ। চাকরিও হারাতে হয়েছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক এক কর্মকর্তা বললেন, ‘নারায়ণ চন্দ্র নাথ ২০১৯ সাল থেকে পাঁচ বছর ধরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পর্যায়ক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক, সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তখন থেকেই স্কুল-কলেজ ও বোর্ডকেন্দ্রিক দুর্নীতিবাজ চক্রটি সক্রিয় ও শক্তিশালী হয়ে ওঠে। চক্রের নেতৃত্বে ছিলেন নারায়ণ ও তার অধঃস্তন আরেকজন বিসিএস ক্যাডার। মূলত তাদের রোপণ করা দুর্নীতির বিষবৃক্ষটি এখন মহীরূহ হয়ে শক্তিশালী চেইন সিন্ডিকেটে পরিণত হয়েছে।’

নারায়ণের জালিয়াতি নিয়ে তোলপাড়ের মধ্যেই এ বছর আবারও হাসিবুল ইসলাম শোভনের বিষয়টি ওঠে এলে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। শোভন আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দেন। গত ১০ আগস্ট প্রকাশিত ফলাফলে দেখা যায় শোভন ৪ দশমিক ৯৪ জিপিএ পেয়েছেন। কিন্তু পুনঃমূল্যায়নে এ বিষয়ে অভিযোগ ওঠার পর বোর্ডের তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এরপর মামলা করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, পরীক্ষার্থী শোভনের বিভিন্ন বিষয়ের প্রাপ্ত নম্বর পরিবর্তন করে তাকে পাস করানো হয়েছিল। বাংলা প্রথম পত্রে ২৩ নম্বরের পরিবর্তে ৩৩ ও দ্বিতীয় পত্রে ২৪ থেকে বাড়িয়ে ৬২ নম্বর দেয়া হয়। ইংরেজির প্রথম পত্রে ৩৩ থেকে বাড়িয়ে ৮৩ এবং দ্বিতীয় পত্রে ২০ থেকে ৮২ করা হয়। এ ছাড়া গণিতে ৯ নম্বর থেকে বাড়িয়ে ৬৬, ইসলাম শিক্ষায় ৭-এর পরিবর্তে ৬৪, উচ্চতর গণিতে শূন্যের পরিবর্তে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের পরিবর্তে ৪৫, রসায়ন ও জীববিজ্ঞানে ১-এর পরিবর্তে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪-এর পরিবর্তে ৬৫ নম্বর বসানো হয়।

——————————————————————————————————————————-

সিআইডি পরিদর্শক মোহাম্মদ রাসেল বললেন, ‘ শোভনের সবগুলো মূল উত্তরপত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এসব উত্তরপত্রে জালিয়াতির মাধ্যমে নম্বর বাড়ানোর সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তার হওয়া মালেকের অফিসের ড্রয়ার থেকে ওএমআর শিটসহ আরও বিভিন্ন আলামত পেয়েছি। কীভাবে ঘটনাটা ঘটেছে তার অনেকটাই আমরা বের করতে সক্ষম হয়েছি। ’

——————————————————————————————————————————-

এমন জালিয়াতির সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্তের চেষ্টা চলছে বলে জানালেন সিআইডির এ কর্মকর্তা, ‘একটা সংঘবদ্ধ জালিয়াত চক্র। স্কুলকেন্দ্রিক দালাল আছে। কলেজকেন্দ্রিক দালাল আছে। এদের সঙ্গে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের একাংশ মিলেমিশে রেজাল্ট নিয়ে জালিয়াতিটা করে। স্কুল-কলেজের শিক্ষক কিংবা কর্মচারী অনেককেই নিয়মিত বিভিন্ন প্রয়োজনে শিক্ষাবোর্ডে যেতে হয়। তাদের সঙ্গে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সখ্যতা গড়ে ওঠে। একজন শিক্ষার্থী কিংবা তার অভিভাবকের পক্ষে বোর্ডের কর্মকর্তা কিংবা কর্মচারীর সঙ্গে সরাসরি যোগাযোগ করে ফলাফল জালিয়াতি করা সম্ভব নয়। মধ্যস্থতা করে স্কুল-কলেজের শিক্ষক কিংবা কর্মচারীরা।’

২০১৮ সালের আগে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে কাজ করা একজন কর্মকর্তা বলছিলেন, ‘কক্সবাজারের চকরিয়া থেকে টেকনাফ পর্যন্ত বেশ কয়েকটা স্কুল ও বেসরকারি কলেজকে আমরা একেবারে ক্রাইম জোন হিসেবে চিহ্নিত করেছিলাম। চট্টগ্রাম শহরের চারটা স্কুলের টিচার, কর্মচারীদের আমরা সরাসরি বোর্ডে প্রবেশ নিষিদ্ধ করেছিলাম। তখন ওসমান গ্রুপ নামে বোর্ডের কর্মচারীদের একটা গ্রুপ খুবই প্রভাব দেখাত। রেজাল্ট ম্যানিপুলেশনের চেষ্টা করত।’

সিআইডির পরিদর্শক মোহাম্মদ রাসেলের ভাষ্য, ‘ নারায়ণ চন্দ্র নাথের আমলে কয়েকটা ঘটনা ঘটেছে। এভাবে অনেক বছর ধরেই এ জালিয়াতি চট্টগ্রাম শিক্ষাবোর্ডে চলমান আছে। এখন যারা করছে তারাও একই চক্রের। বিপুল অংকের টাকা লেনদেন হয়। আমরা তদন্ত শুরু করেছি। সংঘবদ্ধ চক্রে কারা কারা আছে এটা আমরা অবশ্যই বের করবো।’

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন বললেন, ‘সিআইডির তদন্তে মালেকসহ তিনজনের নাম এসেছে। তাদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা সিআইডিকে বলেছি যত ধরনের সহযোগিতার প্রয়োজন আমরা করব। সিআইডি যেন তদন্ত করে চক্রে কারা কারা জড়িত সেটা উদঘাটন করে।’

খবর : অন্য দৈনিক।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!