মায়ের অপরাধে চার দেয়ালের ভেতর নিরপরাধ শৈশব

  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১২ পাঠক

দিশারী ডেস্ক।। ২৫ নভেম্বর, ২০২৬।।

কারো বয়স ছয় মাস, কারো এক বছর, আবার কেউ সবেমাত্র হাঁটতে শিখেছে। যে বয়সে খোলা আকাশের নিচে সবুজ ঘাসে দৌড়ঝাঁপ করার কথা, মায়ের হাত ধরে পৃথিবীর রূপ-রস-গন্ধ চেনার কথা, সেই বয়সে তাদের ঠিকানা হয়েছে উঁচু প্রাচীরঘেরা চার দেয়ালের প্রকোষ্ঠ। কোনো অপরাধের সঙ্গে বিন্দুমাত্র সম্পৃক্ততা না থাকলেও কেবল মায়ের কারাবাসের কারণে দেশের বিভিন্ন কারাগারের চার দেয়ালের ভেতর বন্দিজীবন কাটাচ্ছে তিন শতাধিক নিরপরাধ শিশু।

সমাজসেবা অধিদপ্তর ও কারা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ভালো নেই এই নিষ্পাপ শিশুরা। তারা বঞ্চিত হচ্ছে সুন্দর পরিবেশ, পুষ্টিকর খাবার এবং যথোপযুক্ত শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে। উল্টো তাদের শৈশবে কালো দাগ কেটে যাচ্ছে লোহার গরাদ, কারারক্ষীদের বাঁশি ও বন্দিদের পায়ে বাঁধা শেকলের শব্দ। নির্মল নয়, অসুস্থ পরিবেশে তারা বেড়ে ওঠছে। অথচ এই শিশুদের সুষ্ঠু-সুন্দরভাবে বেড়ে ওঠতে দেয়া এই সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব বলে অভিমত মনোবিজ্ঞানী ও বিশিষ্টজনদের।

——————————————————————————————————————————–

কারা অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তরের ২০২৬ সালের সর্বশেষ তথ্যানুযায়ী, দেশের ৭৫টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে বর্তমানে মোট ধারণক্ষমতা ৪৫ হাজার ১৮৬ জন হলেও প্রকৃত বন্দিসংখ্যা এক লাখের অনেক বেশি। অবশ্য এই সংখ্যা নিয়মিত বাড়ে-কমে। এই বিপুলসংখ্যক বন্দির মধ্যে নারী বন্দির সংখ্যা প্রায় ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজারের কাছাকাছি। মায়ের সঙ্গে কারাগারে থাকা শিশুদের সংখ্যার ক্ষেত্রে সরকারি দুই দপ্তরের তথ্যে সামান্য তারতম্য দেখা গেছে। গত অক্টোবরে হাইকোর্টে দাখিল করা সমাজসেবা অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩টি শিশু অবস্থান করছে।

——————————————————————————————————————————–

অন্যদিকে গত মঙ্গলবার কারা অধিদপ্তরের হিসাবমতে, দেশের কারাগারগুলোতে মায়ের সঙ্গে থাকা শিশুর সংখ্যা ৩৫০। তবে এই পরিসংখ্যানও স্থির নয়, ওঠানামা করে। কারা কর্মকর্তারা জানান, এই শিশুদের মায়েদের বড় একটি অংশ মাদক মামলার আসামি। তাদের কেউ সাজাপ্রাপ্ত, আবার অনেকের মামলা বিচারাধীন।

কারা অধিদপ্তরের বিভাগ ও কারাগারভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, মায়ের সঙ্গে থাকা শিশুদের সবচেয়ে বড় অংশটি রয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। এর মধ্যে ঢাকা বিভাগের ১৮টি কারাগারে ১২২টি শিশু রয়েছে, যার মধ্যে এককভাবে সবচেয়ে বেশি ৬০টি শিশু অবস্থান করছে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে। চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে রয়েছে ১১৪টি শিশু, যেখানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ও কক্সবাজার জেলা কারাগারে সংখ্যাটি তুলনামূলক বেশি।

এ ছাড়া রাজশাহী বিভাগের আট কারাগারে ৩৭, রংপুর বিভাগের আট কারাগারে ২৫, সিলেট বিভাগের পাঁচ কারাগারে ২১, খুলনা বিভাগের ১০ কারাগারে ২০, ময়মনসিংহ বিভাগের চার কারাগারে ১৪ এবং দেশের মধ্যে সবচেয়ে কম ১০টি শিশু রয়েছে বরিশাল বিভাগের ছয়টি কারাগারে।

কারাগারে জন্ম নেয়া শিশুর পাশাপাশি বাইরে জন্ম নেয়া নির্দিষ্ট বয়সি শিশুকেও মায়ের সঙ্গে রাখার সুস্পষ্ট আইনি বিধান রয়েছে। বাংলাদেশ জেল কোড (কারাবিধি) ৯৫৭ বিধি অনুযায়ী, সাধারণভাবেই ছয় বছর বয়স পর্যন্ত শিশুকে মায়ের সঙ্গে কারাগারে রাখার বিধান রয়েছে। অর্থাৎ কোনো নারী হাজতি বা কয়েদি কারাগারে যাওয়ার সময় তার কোলে থাকা শিশুসহ ছয় বছর বয়স পর্যন্ত সন্তানকে নিজের কাছে রাখতে পারেন। যেহেতু দুগ্ধপোষ্য শিশুরা মায়ের দুধ পান করে, তাই শিশুর পুষ্টি ও বেঁচে থাকার স্বার্থে মায়ের কাছ থেকে তাকে আলাদা না করে কারাগারে মায়ের হেফাজতে রাখার নিয়ম প্রচলিত। এমনকি গ্রেপ্তারের সময় শিশুটি মায়ের সঙ্গে না থাকলেও পরে পরিবারের কেউ লালন-পালনে অপারগ হলে আদালতের নির্দেশে বা কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ছয় বছরের কম বয়সি শিশুকে মায়ের কাছে কারাগারে পাঠানোর সুযোগ রয়েছে।

পাশাপাশি মায়ের কোলে দুগ্ধপোষ্য শিশু থাকলে মানবিক বিবেচনায় এবং ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৪৯৭ ধারা অনুযায়ী নারী আসামির জামিনের আবেদনও আদালতে বিশেষ গুরুত্ব পায়। তবে শিশুর বয়স ছয় বছর পূর্ণ হলে আইন অনুযায়ী সে আর কারাগারে থাকতে পারে না ; তখন মায়ের সম্মতিতে শিশুটিকে নিকটাত্মীয়দের জিম্মায় অথবা আত্মীয় না পাওয়া গেলে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকারি শিশু পরিবারে পাঠিয়ে দেয়া হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ দীপা বলেন, প্রচলিত কারাবিধি অনুযায়ী ছয় বছর বয়স পর্যন্ত শিশুকে মায়ের সঙ্গে কারাগারে রাখার সুযোগ রয়েছে। কিন্তু বাস্তবতা হলো, মায়ের অপরাধজনিত বন্দিত্বের নেতিবাচক প্রভাব পড়ছে নিষ্পাপ এই শিশুদের ওপর।

এ ছাড়া তাদের পুষ্টি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সুষ্ঠু মানসিক বিকাশ নিশ্চিত করা হচ্ছে না। সংবিধান ও শিশু আইন অনুযায়ী, প্রতিটি শিশুরই নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে। একটি নিষ্পাপ শিশু যেন কারাগারের বদ্ধপরিবেশে বড় হয়ে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য তাদের বিকল্প পরিচর্যা ও অধিকার নিশ্চিত করতে হবে।

——————————————————————————————————————————–

কারাগারের এই বদ্ধপরিবেশ শিশুদের মস্তিষ্ক ও মনস্তত্ত্বে কী ধরনের দীর্ঘমেয়াদি ক্ষত তৈরি করে, তা ব্যাখ্যা করেছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব। তিনি বলেন, জন্মের পর প্রথম পাঁচ থেকে ছয় বছর একটি শিশুর মস্তিষ্ক গঠন, আবেগ নিয়ন্ত্রণ এবং সামাজিক আচরণ শেখার সবচেয়ে সংবেদনশীল সময়। এই সময়ে শিশু তার চারপাশে যা দেখে ও শোনে, সেটিকেই স্বাভাবিক পৃথিবী হিসেবে গ্রহণ করে। কারাগারের ভেতর বন্দিদের চিৎকার, হতাশা, আগ্রাসী আচরণ এবং চার দেয়ালের সীমাবদ্ধ পরিবেশে বড় হওয়া শিশুদের মধ্যে তীব্র মানসিক চাপ বা ট্রমা তৈরি হতে পারে। বাইরের খোলা জগৎ, প্রকৃতি বা স্বাভাবিক পারিবারিক সম্পর্কের সঙ্গে পরিচিতি না থাকায় ছয় বছর পর যখন তারা হঠাৎ সমাজে আসে, তখন তীব্র সামাজিক বিচ্ছিন্নতা, ভীতি, হীনম্মন্যতা এবং আচরণগত জটিলতায় ভোগে ; যা পরবর্তী জীবনে তাদের মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে।খবর : অন্য দৈনিক।

——————————————————————————————————————————–

সমাজসেবা অধিদপ্তরের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারের পরিবেশ শিশুর শাররিক ও মানসিক বিকাশের জন্য অনুকূল নয়। তাই কারাগারে অবস্থানরত শিশুদের স্বাভাবিক বিকাশ ও সর্বোত্তম স্বার্থ রক্ষার্থে ফস্টার কেয়ার বা বিকল্প পারিবারিক যত্ন এবং সরকারি শিশু পরিবারে আবাসন বিষয়ে সুপারিশ করা হয়েছে। ফস্টার কেয়ার বা বিকল্প পারিবারিক যত্ন বিষয়ে বলা হয়, নির্দিষ্ট বয়স বা সময়সীমা শেষে কারাবন্দি মায়ের সঙ্গে থাকা শিশুর সর্বোত্তম স্বার্থে সমাজের নিকটাত্মীয়দের কাছে ‘ ফস্টার কেয়ার ’ বা বিকল্প পারিবারিক যত্নের আওতায় পুনর্বাসন করা যেতে পারে। কোনো শিশুর ক্ষেত্রে নিকটাত্মীয়দের কাছে পুনর্বাসনের সুযোগ না থাকলে বা তা শিশুর জন্য নিরাপদ না হলে, ওই শিশুর জন্য সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ‘ সরকারি শিশু পরিবার ’ বা উপযুক্ত নিরাপদ আবাসনকেন্দ্রে রেখে তার সার্বিক লালন-পালন ও শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা যেতে পারে।

শিশু বিশেষজ্ঞ অধ্যাপক খোরশেদ আলম বলেন, কারাগারে শিশুদের সুরক্ষা ও সুযোগ-সুবিধার বিষয়টি আইনিভাবে স্বীকৃত হলেও বাস্তব পরিবেশে তা বেশ সীমিত ও চ্যালেঞ্জিং। কারাবিধি ও প্রচলিত আইন অনুযায়ী, শিশুদের জন্য কিছু মৌলিক সুরক্ষা ব্যবস্থা রাখা হলেও বন্দিত্বের পরিবেশ তাদের স্বাভাবিক মানসিক ও সামাজিক বিকাশে বড় বাধা সৃষ্টি করে। কারাগারের চার দেয়ালের ভেতরের পরিবেশ শিশুদের জন্য অত্যন্ত সংবেদনশীল। শিশুদের তার মায়ের সঙ্গে হত্যা, মাদক বা বিভিন্ন গুরুতর মামলার আসামিদের সঙ্গে একই ওয়ার্ডে বা সেলে থাকতে হয়। এ ছাড়া কারাগারের বদ্ধপরিবেশে বড় হওয়ায় শিশুরা বাইরের জগৎ, প্রকৃতি ও স্বাভাবিক সামাজিক মেলামেশা থেকে বঞ্চিত হয়। ফলে তাদের মনে ভীতি, একাকিত্ব বা আচরণগত নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি থাকে।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!