দিশারী ডেস্ক।। ২৪ নভেম্বর, ২০২৬।।
চলতি বছর জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন থেকে জানা যায়, ডিজিটাল শিক্ষা ও একুশ শতকের দক্ষতা প্রয়োগে অনেক পিছিয়ে রয়েছেন দেশের শিক্ষকরা।
প্রাথমিক স্তরে ভর্তির হারে বিগত এক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে বাংলাদেশ। ইউনেস্কোর বিশ্ব শিক্ষা পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার প্রায় ৯০ শতাংশ। তবে বিপরীত চিত্র প্রাক-প্রাথমিক স্তরে, ভর্তির হার এখনো ৪০ শতাংশের নিচে। এ স্তরে সাধারণত পাঁচ বছর বা তার কম বয়সী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পায়। দক্ষিণ এশিয়ায় প্রাক-প্রাথমিক স্তরে ভর্তির হারে বাংলাদেশই সবচেয়ে পিছিয়ে।
———————————————————————————-
দুই-তৃতীয়াংশ শিশু এখনো বিদ্যালয়ের বাইরে
———————————————————————————-
বিশ্বের বেশির ভাগ অঞ্চলের তুলনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোয় প্রাক-প্রাথমিকে ভর্তির হার কম। এ অঞ্চলে প্রাক-প্রাথমিকে মোট ভর্তির গড় হার ৬২ শতাংশ, যা পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ইউরোপ ও মধ্য এশিয়া এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের তুলনায় কম। চলতি নভেম্বরে বিশ্বব্যাংক ‘ ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া : ফ্রম টেলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট ’ শীর্ষক একটি প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রাক-প্রাথমিকের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ না করায় শৈশবেই শিশুদের মধ্যে বিভিন্ন ঘাটতি তৈরি হচ্ছে। কারণ এ পর্যায়েই শিশুর জ্ঞানীয়, সামাজিক, আবেগীয় ও শাররিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ সম্পন্ন হয়।
পিছিয়ে থাকা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে প্রাক-প্রাথমিকে ভর্তির হার সবচেয়ে কম। দেশের তিন থেকে পাঁচ বছর বয়সী মাত্র ৩৬ শতাংশ শিশু প্রাক-প্রাথমিকে ভর্তির সুযোগ পায়। অন্যদিকে নেপালে এ হার ৬২ শতাংশ ; ভারতে ও ভুটানে ৫২ শতাংশ। বিশ্বব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
————————————————————————————————————————————
ইউনেস্কোর বিশ্ব শিক্ষা পরিসংখ্যান ২০২৫-এর তথ্যমতে, দক্ষিণ এশিয়ায় প্রাক-প্রাথমিকে ভর্তির অনুপাতে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে নেপাল। দেশটির প্রায় ৬২ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী প্রাক-প্রাথমিকে ভর্তির সুযোগ পায়। শ্রীলংকায় এ হার ৪৫ ও মালদ্বীপে ৩৭ শতাংশ। উল্লেখ্য, বিশ্বব্যাংক পাকিস্তান ও আফগানিস্তানকে ‘বৃহৎ মধ্যপ্রাচ্য’ বা ‘এমইএনএএপি’র অন্তর্ভুক্ত করেছে।
————————————————————————————————————————————
২০২৫ সালের জুলাই থেকে এ আঞ্চলিক পুনর্বিন্যাস কার্যকর হয়েছে। পাকিস্তানে তিন থেকে পাঁচ বছর বয়সী ৫৮ দশমিক ৮ শতাংশ শিশু বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। এমন তথ্য বার্ষিক স্ট্যাটাস অব এডুকেশন রিপোর্ট পাকিস্তান ২০২৫-এর।
এদিকে শুধু প্রাক-প্রাথমিকে ভর্তির হারে নয়, দেশের প্রাথমিক শিক্ষার মানেও বড় ঘাটতি রয়েছে। বিশ্বব্যাংকের ‘লার্নিং এনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন ইন প্রাইমারি এডুকেশন ইন বাংলাদেশ’ শীর্ষক প্রোগ্রাম ইনফরমেশন ডকুমেন্ট অনুযায়ী, ১০ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের ৫১ শতাংশই তাদের বয়স উপযোগী সাধারণ বাংলা-ইংরেজি লেখা পড়তে ও বুঝতে পারে না। পাশাপাশি তারা শ্রেণী উপযোগী গাণিতিক দক্ষতাও অর্জন করতে পারছে না।
এ ঘাটতির বিষয়টি ওঠে এসেছে দেশীয় বিভিন্ন প্রতিবেদনেও। চলতি বছর জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন থেকে জানা যায়, ডিজিটাল শিক্ষা ও একুশ শতকের দক্ষতা প্রয়োগে অনেক পিছিয়ে রয়েছেন দেশের শিক্ষকরা।
এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সারা দেশে প্রধান শিক্ষকের পদ রয়েছে ৬৫ হাজার ৫৫৩টি, যার মধ্যে ২৭ হাজার ৭৩৪টিই শূন্য। এসব পদে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষাসংশ্লিষ্টরা বলছেন, দেশে বিভিন্ন সময় শিক্ষা খাতে সরকারের পরিকল্পনার ঘাটতির জেরে অনেক অভিভাবক আগ্রহ থাকলেও সন্তানকে সরকারি বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকে ভর্তি করাচ্ছেন না। মধ্যবিত্ত ও উচ্চবিত্তরা সরকারি বিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে সংশয়ের জেরে ভর্তি করাচ্ছেন না আর নিম্নবিত্ত পরিবারগুলো তুলনামূলক কম ব্যয়ে কওমি মাদরাসাকে বেছে নিচ্ছে।
————————————————————————————————————————————
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, ‘ আমাদের প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটি সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। অনেক উদ্যোগ আর্থসামাজিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যেমন গাজীপুরের গার্মেন্টস শ্রমিক মায়েদের বড় অংশই তাদের সন্তানদের পড়াচ্ছেন মাদরাসায়। এর কারণ একদিকে এসব প্রতিষ্ঠানে খরচ কম, অন্যদিকে মায়েরা যে সময়ে কর্মস্থলে থাকছেন সেই পুরো সময়টা সন্তানকে সেই প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে রাখার সুযোগ রয়েছে। এ সুযোগ কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলোয় নেই। ’
————————————————————————————————————————————
অন্যদিকে বিদ্যালয়গুলোতে আফটার স্কুল কার্যক্রম চালু করার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সরকারি বিদ্যালয়ে আফটার স্কুল কার্যক্রম না থাকায় স্কুলের সময় শেষ হলে সন্তানকে বাসায় নিয়ে আসতে হয়। এটা কর্মজীবী অভিভাবকদের জন্য চ্যালেঞ্জিং। চীনসহ অনেক দেশেই আফটার স্কুল কার্যক্রম রয়েছে। অভিভাবকরা ঠিক করে দিতে পারেন তার সন্তান সাঁতার শিখবে নাকি ব্যাডমিন্টন খেলা শিখবে, নাকি অন্য কোনো কিছু করবে। বাংলাদেশেও এ ধরনের ব্যবস্থা প্রয়োজন।’
দেশে প্রাক-প্রাথমিকে ভর্তির হার কম থাকার বড় কারণ হিসেবে অভিভাবকদের মনোভাবও দায়ী বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এসএম হাফিজুর রহমান। তিনি বলেন, ‘অনেক অভিভাবকের ধারণা, শিশুদের আনুষ্ঠানিক পড়াশোনা শুরু হয় প্রথম শ্রেণী থেকে। বিশেষ করে গ্রামাঞ্চলে অনেক বাবা-মা প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার আগে শিশুদের জন্য আলাদা কোনো শিক্ষা ব্যবস্থা নেই বলে মনে করেন। প্রাক-প্রাথমিক সম্পর্কে অভিভাবকদের যথাযথভাবে জানাতে হবে। পাশাপাশি স্কুলগুলোকে আরো দায়িত্বশীল ও যত্নবান হতে হবে। শিশুদের চিহ্নিত করে তাদের তথ্যভিত্তিক ম্যাপিং করতে হবে এবং যেসব শিশু এ শিক্ষা কার্যক্রমের বাইরে রয়েছে, তাদের স্কুলে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। ’
————————————————————————————————————————————
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখনো শতভাগ প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু নেই। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান ২০২৪-এর তথ্য অনুযায়ী, দেশের ৮৮ দশমিক ১১ শতাংশ প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষা কার্যক্রমের সুযোগ রয়েছে। পরিসংখ্যানে উল্লেখিত ১১ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৯৯ দশমিক ৯৫ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং ৯৩ দশমিক ৪২ শতাংশ কিন্ডারগার্টেনে প্রাক-প্রাথমিক স্তর আছে। অন্য ধরনের প্রতিষ্ঠানে এ হার ৭৫-৮০ শতাংশের মধ্যে। তবে ইবতেদায়ি মাদরাসার ক্ষেত্রে তা ৫০ শতাংশের নিচে। খবর : অন্য দৈনিক।
————————————————————————————————————————————
পরিসংখ্যান অনুযায়ী, প্রাক-প্রাথমিক স্তর থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ৬২ দশমিক ৭ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয় হলেও সেগুলো ভর্তির হারে পিছিয়ে রয়েছে। মোট শিক্ষার্থীর ৪৬ দশমিক ৭ শতাংশ শিক্ষার্থী পড়ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অন্যদিকে মোট বিদ্যালয়ের ২৩ দশমিক ৫ শতাংশ কিন্ডারগার্টেন হলেও এসব প্রতিষ্ঠানের প্রাক-প্রাথমিকে ভর্তি ৩৫ দশমিক ৭ শতাংশ শিশু।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার ভালুকশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক জানিয়েছেন, অনেক অভিভাবক তাদের শিশুদের স্কুলের প্রাক-প্রাথমিকের পরিবর্তে মাদরাসায় পাঠাচ্ছেন। বণিক বার্তাকে এ শিক্ষক বলেন, ‘আমাদের বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীর সংখ্যা ৭-৮। তাদের শিক্ষা কারিকুলাম মূলত শব্দ শেখা, চেনা পর্যন্ত সীমাবদ্ধ। এখানে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম। অনেক অভিভাবক শিক্ষার শুরুতে সন্তানদের মাদরাসায় পড়াতে ইচ্ছুক। স্কুলের প্রাক-প্রাথমিকে শিশুদের টানতে হলে অভিভাবক পর্যায়ে আরো প্রচারণা বাড়াতে হবে।’
প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষা নিশ্চিতে কাঠামোগত সুরক্ষারও ঘাটতি রয়েছে বাংলাদেশে। মালদ্বীপ ও নেপালে প্রাক-প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করা হয়েছে। মালদ্বীপে দুই বছর এবং নেপালে এক বছরের প্রাক-প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক। তবে বাংলাদেশে এখনো প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষা বাধ্যতামূলক নয়। বাংলাদেশে ১৯৯০ সালের প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলককরণ) আইনের মাধ্যমে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে।
————————————————————————————————————————————
প্রাক-প্রাথমিকে শিশুদের অন্তর্ভুক্ত করতে সরকার দুই বছর মেয়াদি পাইলট কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘ বিশ্বব্যাংকের প্রতিবেদনটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তবে শিক্ষার সাফল্য শুধু কতজন শিশু বিদ্যালয়ে ভর্তি হলো, সেটি দিয়ে পরিমাপ করার সুযোগ নেই। দেখতে হবে, প্রতিটি শিশু তার বয়স ও সক্ষমতা অনুযায়ী শেখার সুযোগ পাচ্ছে কিনা। শিশুর শিক্ষার ভিত্তি যত আগে এবং যত ভালোভাবে তৈরি করা যাবে, পরবর্তী শিক্ষাজীবনে তার শেখার সক্ষমতা তত শক্তিশালী হবে। তাই আমরা প্রাক-প্রাথমিক শিক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছি। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য এক বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালু রয়েছে। পাশাপাশি চার বছর বয়সীদের অন্তর্ভুক্ত করে দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালুর পাইলট কার্যক্রম ৩ হাজার ২১৪টি বিদ্যালয়ে পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের অভিজ্ঞতা ও সম্ভাব্যতা যাচাই করে পর্যায়ক্রমে দেশব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ’
————————————————————————————————————————————
সরকারের পরিকল্পনা বিষয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, ‘ প্রথমত, প্রত্যন্ত, দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত, প্রশিক্ষিত শিক্ষক, বয়সোপযোগী শিক্ষা উপকরণ এবং শিশুবান্ধব শ্রেণীকক্ষ নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, খেলাধুলা, গল্প, ছড়া ও আনন্দময় কার্যক্রমের মাধ্যমে শিশুদের শেখার প্রতি আগ্রহ তৈরি করতে হবে। পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বাড়াতে হবে। আমাদের লক্ষ্য কোনো শিশু শিক্ষার বাইরে থাকবে না এবং মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হবে না। প্রাক-প্রাথমিক পর্যায় থেকেই আমরা সেই ভিত্তি তৈরি করতে চাই। ’
Leave a Reply