শিল্পাঞ্চলের অস্থিরতায় নজরদারিতে ২৬ উসকানিদাতা

  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৩ পাঠক

দিশারী ডেস্ক।। ২৩ নভেম্বর, ২০২৬।।

ঢাকার মিরপুর, গাজীপুর ও আশুলিয়ার শিল্পাঞ্চল এলাকায় অস্থিরতা সৃষ্টির উসকানিদাতা হিসেবে ২৬ জনকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের নজরদারিতে রাখা হয়েছে। তথ্য অনুসারে, গার্মেন্টস খাতে শ্রমিক অসন্তোষকে পুঁজি করে তাদের উসকানিতে গাড়িতে আগুন, রাস্তা অবরোধ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলা চালানোর ঘটনা ঘটছে। এ ২৬ জনের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারী গার্মেন্টসের মালিক ও শ্রমিক নেতারা রয়েছেন। তালিকাটি এরই মধ্যে জমা দেয়া হয়েছে সরকারের উচ্চ পর্যায়ে।

জানা গেছে, রাজধানীর মিরপুরে ভাঙচুর ও উসকানিদাতা হিসেবে দুজনকে চিহ্নিত করা হয়েছে। তারা হলেন— মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সালেহা ইসলাম শান্তনা এবং সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আল-আমিন ইসলাম।

গাজীপুরে ভাঙচুর ও উসকানিদাতা হিসেবে ১৮ জনকে চিহ্নিত করা হয়েছে। তারা হলেন— যুবলীগ নেতা খাত্তাম মোল্যা, সাবেক উপজেলা চেয়ারম্যান সেলিম, বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম মাজহার, শ্রমিক নেতা বাহার উদ্দিন, আল আমিন, আসাদ, ফিরোজ, আক্কাস, শাহ আলম ও মনির, শ্রমিক নেত্রী শাহনাজ, রোজিনা, ডলি আক্তার ও সুমি, শ্রমিক সংগঠক মাসুদ, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেত্রী সীমা আক্তার, গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ ওয়ার্কার্স ফেডারেশনের নেতা জহির উদ্দিন এবং বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল অ্যান্ড লেদার ওয়ার্কার্স ফেডারেশনের নেতা রাশেদুল।

আশুলিয়ায় ভাঙচুর ও উসকানিদাতা হিসেবে ছয়জনকে চিহ্নিত করা হয়েছে। তারা হলেন— স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের আঞ্চলিক সভাপতি ও কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সহ সভাপতি এবং জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আল কামরান, গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. তুহিন চৌধুরী, বাংলাদেশ গার্মেন্টস ঐক্য ফেডারেশনের আঞ্চলিক কমিটির সভাপতি মো. খোরশেদ আলম, গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন এবং বাংলাদেশ পোশাকশিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ঠান্ডু।

সূত্র জানায়, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের সঙ্গে মিশে নাশকতার চেষ্টা করছে। তারা পুলিশ সদস্য ও বাহিনীর গাড়ি এবং স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ, কারখানা ও দোকানপাট ভাঙচুর, রাস্তা অবরোধসহ বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আন্দোলন শুরুর পর থেকে এখন পর্যন্ত ভিডিও ফুটেজ দেখে অনেক বহিরাগত ইন্ধনদাতাকে চিহ্নিত করা হয়েছে। উসকানিদাতাদেরও একটি তালিকা তৈরি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পর পুলিশ বলছে, নাশকতাকারীদের কেউ শ্রমিক নন। পুলিশের তদন্তসংশ্লিষ্টরা বলছেন, এখনো শ্রমিকদের মধ্যে কেউ কেউ এবং কিছু উসকানিদাতা সড়ক অবরোধে উদ্বুদ্ধ করছে। যারা সড়কে নামছে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। শ্রমিকরা যাতে সড়ক অবরোধ করতে না পারে সেদিকে আমরা গুরুত্ব দিচ্ছি। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট প্রচারকারীদের চিহ্নিত করা হচ্ছে। ভুল তথ্য ও গুজব ছড়িয়ে যেন অস্থিরতা সৃষ্টি করতে না পারে তা মনিটরিং করা হচ্ছে।

সংকট সমাধানে যেসব সুপারিশ করা হয়েছে— গাজীপুর এলাকার শ্রমিক অসন্তোষ সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনকারী স্টারলিং অ্যাপারেলস, এপেক্স ফুট ওয়ার, ট্রপিক্যাল নেটেক্স লিমিটেড এবং এসেন্সিয়াল ক্লোদিং লিমিটেডের শ্রমিকদের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করতে হবে ; চলমান শ্রমিক অসন্তোষ নিরসন এবং ভবিষ্যতে শ্রমিকদের সড়কে নেমে আন্দোলন করা থেকে বিরত রাখতে বিজিএমইএর উদ্যোগে সংশ্লিষ্ট শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করে মজুরি পুনর্র্নির্ধারণের বিষয়ে যৌক্তিক আশ্বাস দেয়া ; ঢাকার মিরপুর, গাজীপুর ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পকারখানা, সড়ক, মেট্রোরেল স্টেশন, ব্যাংক, এটিএম বুথ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় পর্যাপ্ত পুলিশ ও শিল্প পুলিশের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও সমন্বিত নজরদারি বৃদ্ধি করতে হবে। এ ছাড়া পুলিশের গাড়ি ও স্থাপনায় অগ্নিসংযোগ, কারখানায় ভাঙচুর, দোকানপাটে হামলা এবং পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনাগুলো সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে।

একইসঙ্গে নিরপরাধ শ্রমিকদের হয়রানি না করার বিষয়টিও নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট শ্রমিক সংগঠন, শ্রমিক প্রতিনিধি ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে।

এ বিষয়ে শিল্পাঞ্চল পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ইসরাইল হাওলাদার বলেন, অনেকদিন ধরেই আমরা এটা নিয়ে কাজ করছি। কখনো সামনে থেকে আবার কখনো পেছন থেকে কাজ করে গার্মেন্টস সেক্টরে অস্থিরতা কমানোর চেষ্টা করছি। গার্মেন্টসে অস্থিরতা, ভাঙচুর ও উসকানিদাতাদের চিহ্নিত করা হয়েছে। তাদের নজরদারিতে রাখা হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গার্মেন্টসে স্থিতিশীলতা বজায় রাখতে সাধারণ শ্রমিকদের সঙ্গে আমার কথা হয়েছে। পাশাপাশি মালিক ও শ্রমিকদের সঙ্গে যৌথভাবে বসে কাজ করা হচ্ছে। যেন কোনোভাবেই রাস্তাঘাট অবরোধ করে নাশকতা সৃষ্টি করতে না পারে। আমরা শিল্পাঞ্চল এলাকায় নাশকতা বন্ধে সতর্ক রয়েছি। খবর : অন্য দৈনিক।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে শিল্পাঞ্চলের সুরক্ষায় কঠোর বার্তা দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে শিল্পাঞ্চলগুলোতে ইতোমধ্যে যৌথ বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। অপরাধীদের যেকোনো অপতৎপরতা রুখতে আধুনিক ড্রোন এবং পুলিশ সদস্যদের শরীরে ধারণযোগ্য ক্যামেরার (বডি-ওর্ন ক্যামেরা) মাধ্যমে সার্বক্ষণিক ও নিবিড় নজরদারি বজায় রাখা হচ্ছে।

 

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!