সুবর্ণচরে জনতার ভালবাসায় আপ্লুত মো.শাহজাহান

  • আপডেট সময় শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৯৭ পাঠক

দিশারী ডেস্ক।। ০৯ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ।।

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো.শাহজাহান বলেছেন, আপনাদের বিশ্বাস হয় কিনা জানিনা, তবে আমি সংসদ সদস্য থাকাকালীন এই সুবর্ণচরের জন্যে পবিত্র ওমরা করতে গিয়ে কেঁদেছি। আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমি এখানকার এমপি, অথচ আমার এলাকার মা, বোনেরা ঘুমোতে পারেনা। তাদের ইজ্জত, সম্মান ও জীবনের নিরাপত্তা নেই। এরপর আল্লাহর অপার কৃপায় আমি এ এলাকার দস্যুদের দমন করতে সক্ষম হয়েছি। কিন্তু আজ বড়ই পরিতাপের বিষয়, সে সুবর্ণচরে আমি যখন এমপি ছিলাম না, তখন পারুল বেগম গণধর্ষণের শিকার হয়েছে।

সুবর্ণচরের চরজব্বর কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় তিনি কলেজের দাতা সদস্য মরহুম অলি উদ্দিন আহমেদের অবদানকে স্বীকার করে বলেন, তিনি জমি না দিলে হয়তো আমি এটি করতে নাও পারতাম। এ সময় তিনি আরো বলেন, শুনেছি দাতা মনির আহমেদের পরিবার নাকি ভাল নেই। আপনারা তাঁর জন্যে দোয়া করবেন। আর সম্ভব হলে তার পরিবারকে একটু সহযোগিতা করবেন।

দলের মধ্যে বিভেদ সৃষ্টিকারীদের প্রতি ইঙ্গিত করে মো. শাহজাহান বলেন, অতীতেও অনেকে অনেকভাবে বিভাজন সৃষ্টি করেছেন। আমি এসবে কখনও কান দিইনি। তবে আমি বলবো, শহীদ জিয়াউর রহমানকে আদর্শ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান রেখে এবং তারেক রহমানের প্রতি আস্থা রেখে যা হয়েছে, সেগুলো আমরা কখনো আর মনে রাখতে চাইনা। তাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মো. শাহজাহান বলেন, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাদের মধ্যে পারষ্পরিক বিবাদ ও বিরোধ তৈরি করতে ওৎপেতে আছে একটি ফ্যাসিবাদগোষ্ঠী। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ধৈর্য্য ধরে ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে এ ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে।

মো. শাহজাহান সুবর্ণচরের ছাত্রদল থেকে ওঠা আসা জামাল উদ্দিন গাজি ও যুবদল নেতা বেলাল উদ্দিন সুমনের অবদানকে সম্মান রেখে দলীয় নেতৃবৃন্দকে লক্ষ্য করে বলেন, তাদের ত্যাগ-তিতিক্ষা পরীক্ষিত ছিল বলে সুবর্ণচরের মানুষ তাদের বর্জন করেনি। তাই আজকে তাদের নেতৃর্ত্বের কৃতিত্বে এ মাঠে হাজার হাজার মানুষ সমাবেশস্থলে যোগ দিয়েছেন।

মো. শাহজাহান বলেন, ফ্যাসিস্ট সরকার বেগম খালেদা জিয়াকে ধ্বংস করতে কতইনা ষড়যন্ত্র করেছিল। কিন্তু আল্লাহ যাকে সম্মান দেন, তাকে কেহ অপমান করতে পারে না। বেগম খালেদা জিয়া আজ অনন্য সম্মানের অধিকারী। অথচ পালিয়ে গেছেন শেখ হাসিনা।

শনিবার বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা কৃষকদলের আয়োজনে চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাই আগস্টে বিপ্লব করে ফ্যাসিবাদকে বিদায় করেছি। নির্বাচনে কারো মার্কা হবে ধানের শীষ, কারো হবে দাঁড়িপাল্লা, কিন্তু সবাইকে ফ্যাসিস্ট প্রশ্নে এক থাকতে হবে। যেন বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ তৈরি না হয়। আর আমাদের এই ঐক্যতায় পারে ফ্যাসিবাদকে চিরস্থায়ীভাবে কবর রচনা করতে।

মো. শাহজাহান জনতার ভালবাসায় আপ্লুত হয়ে বলেন, এমপি, মন্ত্রী আমার কাছে বড় না ; বড় হচ্ছে আমার দেশের জনগণ। আমি মৃত্যুশয্যায় থাকাকালে যারা মহান আল্লাহর দরবারে আমার জন্যে দোয়া করেছেন, কোরআন খতম করেছেন, নফল নামাজ আদায় করেছেন; আমি তাদের কাছে আবারো চিরঋনী হয়ে গেলাম। এ থেকে আমি প্রতিজ্ঞা করেছি, আমি মৃত্যু পর্যন্ত জনগণের সাথে শামিল থাকবো বলে অঙ্গিকার করলাম। এ সময় তাঁর অনেক ভক্তরাও আবেগের বিবেকে কেঁদেছেন।

দলের কিছু নেতা, কর্মীদের অন্যায় ও অসদাচারণকে নিবারণ করার অনুরোধ রেখে মো. শাহজাহান বলেন, এসব করলে আমরাও ফ্যাসিবাদের চেয়ে খারাপ নয় কি ? সবাইকে খারাপ কাজ থেকে বিরত থাকার অনুরোধ করে তিনি বলেন, যে যা করেছেন তা গতকাল পর্যন্ত, আজকের পর থেকে আর না। দলের সম্মান রক্ষায় সবাইকে বিশৃঙ্খল কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। যারা অত্যাচার করেছে, আমাদের দল ক্ষমতায় এলে আইনী প্রক্রিয়ায় তাদের বিচার হবে। সুতরাং, দল , দেশের প্রশ্নে কোন অন্যায় কাজে জড়িত না হওয়ার আহবান জানান তিনি।

——————————————————————————————————-

সুবর্ণচর উপজেলা কৃষকদলের সভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এডভোকেট সালাহ উদ্দিন কামরান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, সলিম উল্যাহ বাহার হিরন, আবু নাছের, নোয়াখালী জজকোর্টের পিপি শাহাদাত হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা কৃষক দলের আহবায়ক ভিপি ফজলে এলাহি পলাশ, সদস্য সচিব জি এস হারুন, জেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম কালা, জেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নূরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা মহিলা দলের সভাপতি ভিপি শাহানাজ আক্তার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দীন দুখুসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

——————————————————————————————————-

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!