৭০ শতাংশ সচেতন মানুষ মনে করে নির্বাচন সুষ্ঠু হবে : জরিপ

  • আপডেট সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৭০ পাঠক

দিশারী ডেস্ক।। ১১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ।।

দেশের ৭০ শতাংশ সচেতন মানুষ মনে করে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে। আর ১৫ শতাংশ মনে করে নির্বাচন সুষ্ঠু হবে না। এমন চিত্র ওঠে এসেছে সম্প্রতি পরিচালিত এক জাতীয় জরিপে।

সোমবার (১১ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁও জাতীয় আর্কাইভ মিলনায়তনে অনুষ্ঠিত ‘ ডিআইজিডি পালস সার্ভে ’-এর গবেষণা পেপার উন্মোচন অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) ও ভয়েস ফর রিফর্ম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

জরিপ মতে, গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মানুষের যে আশাবাদ ছিল (৭১%) তা এ বছরের জুলাইতে এসে কমে দাঁড়িয়েছে ৪২ শতাংশে। একই চিত্র অর্থনৈতিক গতিপ্রকৃতি নিয়েও। তবে গত বছরের অক্টোবরের তুলনায় বর্তমানের অর্থনীতি কিছুটা স্বস্তিদায়ক বলেছে জরিপে অংশগ্রহণকারীরা।

এ ছাড়া ৫৫ শতাংশ মানুষ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত নির্দিষ্ট টাইমলাইন, অর্থাৎ ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন চায়। ২৫ শতাংশ মানুষ নির্বাচন চায় ডিসেম্বর ২০২৬ বা তার পরে।

জরিপটি বিশ্লেষণ করে দেখা যায়, ৮০ শতাংশ মানুষ মব সহিংসতা নিয়ে উৎকণ্ঠিত। নারীদের নিরাপত্তা (৫৬%), রাতে চলাচলের নিরাপত্তা (৬১%) এবং পোশাকের ক্ষেত্রে হেনস্তা (৬৭%) নিয়েও যথেষ্ট উৎকণ্ঠা রয়েছে।

জরিপ অনুযায়ী, ৩৬ শতাংশ মানুষ মনে করে জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত তরুণদের নেতৃত্বাধীন রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতিতে টিকবে না। এর বিপরীতে মত দিয়েছে ৩৮ শতাংশ মানুষ। মন্তব্য করেনি ২৬ শতাংশ অংশগ্রহণকারী।

দেশের ৬৪ জেলার ৫ হাজার ৪৮৯ জন নারী ও পুরুষের মধ্যে টেলিফোন জরিপটি পরিচালনা করে বিআইজিডি। জরিপটিতে বিভিন্ন বয়সসীমার (১৮ থেকে ৫০+) নারী (৪৭%) ও পুরুষ (৫৩%) অংশ নেয়।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!