ছিনতাইয়ে বেড়েছে প্রাণহানি, জনমনে আতঙ্ক

  • আপডেট সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২০ পাঠক

দিশারী ডেস্ক।। ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ।।

সাম্প্রতিক সময়ে দেশে উদ্বেগজনকভাবে বেড়েছে ছিনতাই। এসব ঘটনায় বাড়ছে প্রাণহানির ঘটনাও, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। ছিনতাইয়ের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে কুমিল্লায়। কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে ছিনতাই শেষে চলন্ত অটোরিকশা থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়।

র‌্যাব জানিয়েছে, চার সদস্যের একটি ছিনতাইকারী চক্র পরিকল্পিতভাবে তাকে টার্গেট করে। অস্ত্রের মুখে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়ার পর চলন্ত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের পেশাদার ছিনতাইকারী হিসেবে শনাক্ত করা হয়েছে।

একইভাবে সাতক্ষীরায় গহনা ছিনিয়ে নিতে গিয়ে বীথিকা রানী ঘোষ নামে এক নারী দোকানিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মাথা ও কপালে ইট দিয়ে আঘাত করে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আব্দুল করিম নামে এক যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

জামালপুরের বকশীগঞ্জে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রতারক যাত্রী সেজে চালককে কৌশলে সরিয়ে দিয়ে তার একমাত্র উপার্জনের মাধ্যম ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

এ ছাড়া ভোলার মনপুরায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক ছিনতাই ও হামলার শিকার হয়েছেন। তার মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়, যদিও পরে স্থানীয়দের হস্তক্ষেপে কিছু জিনিস ফেরত পাওয়া যায়।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রগুলো রাতের বেলায় যাত্রী, পথচারী ও একাকী ব্যক্তিদের টার্গেট করছে। বিশেষ করে পরিবহনযাত্রী, ছোট ব্যবসায়ী ও চালকরা বেশি ঝুঁকিতে রয়েছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, টহল জোরদার, নজরদারি বৃদ্ধি এবং দ্রুত বিচার নিশ্চিত না হলে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে। একই সঙ্গে সাধারণ মানুষকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ছিনতাই শেষে কাস্টমস কর্মকর্তাকে হত্যা :

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে ছিনতাইকারী চক্র জড়িত থাকার তথ্য দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সংস্থাটি জানায়, অস্ত্রের মুখে ছিনতাই শেষে চলন্ত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ায় তার মৃত্যু হয়। সোমবার ঢাকার কাওরানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ঘটনার রাতে চার সদস্যের একটি ছিনতাইকারী চক্র অটোরিকশা নিয়ে ওত পেতে ছিল। বুলেট বৈরাগী বাস থেকে নামলে চালক ও যাত্রীবেশে থাকা সদস্যরা তাকে অটোরিকশায় তুলে নেয়। পরে অস্ত্রের মুখে তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়া হয়। একপর্যায়ে চলন্ত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলেন—মো. সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল ও সুজন। তাদের সবাই পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছে সংস্থাটি। সুজনের কাছ থেকে নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রাতের বেলায় দূরপাল্লার যাত্রীদের টার্গেট করে সিএনজি বা অটোরিকশায় তুলে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করত।

তদন্তে জানা গেছে, গত শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফেরার পথে বুলেট বৈরাগী জাগরঝুলি এলাকায় বাস থেকে নামেন। এরপর ছিনতাইকারীরা তাকে অটোরিকশায় তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং তার কাছ থেকে নগদ টাকা, মোবাইলসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। পরে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় পৌঁছালে তাকে চলন্ত অটোরিকশা থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়।

‘ গয়না ছিনিয়ে নিতে ’ নারী দোকানিকে হত্যা :

সাতক্ষীরায় ‘গয়না ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে’ এক নারী দোকানিকে মাথা ও কপালে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে সাতক্ষীরা থানার ওসি মাসুদুর রহমান জানিয়েছেন। তবে গতকাল সোমবার পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী নিহত ৪৫ বছর বয়সী বীথিকা রানী ঘোষ মাগুরা সাধুকাপাড়া গ্রামের বিশ্বনাথ সাধুর স্ত্রী।

চলন্ত ট্রেনের ছাদে ছুরিকাঘাত করে ছিনতাই :

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদে আব্দুল করিম নামে এক যুবককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের কাওরাইদ রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ছাদে এ ঘটনা ঘটে। ট্রেনটি ময়মনসিংহ থেকে গফরগাঁও হয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। আহত আব্দুল করিম জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাসিন্দা।

বকশীগঞ্জে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই :

জামালপুরের বকশীগঞ্জে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন চালক আনোয়ার হোসেন। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ডসংলগ্ন বটতলা মোড়ে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। চালক আনোয়ার হোসেন বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া টালিয়াপাড়া এলাকার আফছার আলীর ছেলে।

খবর : অন্য দৈনিক

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে আনোয়ার হোসেন ইজিবাইক নিয়ে বের হন। পুরাতন বাসস্ট্যান্ডের বটতলা মোড়ে অবস্থানকালে অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে পুলিশের লোক পরিচয় দিয়ে তার ইজিবাইক (রিকশাটি) ভাড়া করেন। জরুরি আসামি ধরতে জব্বারগঞ্জ বাজারে যেতে হবে—এমন কথাও বলেন তিনি। চালক আনোয়ার হোসেন জব্বারগঞ্জ বাজারের উদ্দেশে রওনা হন। বাজারে পৌঁছানোর পর কৌশলে আনোয়ারকে একটি দোকানে কোনো কাজে পাঠান তিনি। আনোয়ার দোকানটিতে যাওয়ার সুযোগে মুহূর্তের মধ্যেই ইজিবাইকটি নিয়ে দ্রুত পালিয়ে যান প্রতারকটি বলে জানান তিনি।

মনপুরায় সাংবাদিককে মারধর-ছিনতাই :

ভোলার মনপুরা উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। গত শনিবার সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তালতলা বাজারের উত্তর পাশে বেড়িবাঁধসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, মনপুরা উপজেলার চরজ্ঞান এলাকার বাসিন্দা ও স্থানীয় পত্রিকা বরিশাল বার্তার উপজেলা প্রতিনিধি মো. মাকসুদ (৩২) একটি উচ্ছেদের খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে যান। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে তার ব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। মানিব্যাগে থাকা নগদ ১০ হাজার টাকাও নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই :

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাত করে আবুল কালাম (৫০) নামে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীর কাছ থেকে নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইচক্রের সদস্যরা। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

আহত আবুল কালামের ছেলে মো. আব্রান জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তার বাবা বাসায় ফিরছিলেন। পথে ওঁত পেতে থাকা তিন-চারজন ছিনতাইকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন এবং সঙ্গে থাকা দুই লাখ টাকা ও একটি ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় পুলিশকে জানানো হয়েছে।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!