দিশারী ডেস্ক ।। ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ।।
নোয়াখালী জেলা শহরের প্রধান সড়কের যানজট কমাতে এবং সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছিলেন নোয়াখালী জেলা প্রশাসন। সম্প্রতি শহরের প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
তবে অভিযান শেষে কর্মকর্তারা জেলা প্রশাসনে পৌঁছার আগেই আবারও দখল হতে দেখা গেছে অভিযান চালানো স্থানগুলোতে। যে যার মতো সড়ক ও ফুটপাত পুনরায় দখলে নেয় ভাসমান হকার, ব্যবসায়ী ও সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা চালকরা।
এদিকে, দীর্ঘদিন ধরে শহরের সড়কজুড়ে সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা ও ভাসমান হকারদের দখলে থাকায় শহরে তীব্র যানজট তৈরি হচ্ছে।
বিশেষ করে অফিস সময় ও বিদ্যালয়ের ছুটির পর শহরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়। বাসা থেকে বের হয়ে সামান্য দূরত্ব পাড়ি দিতেই সময় লাগে দ্বিগুণ থেকে তিনগুণ। অভিযোগ রয়েছে, এই ভোগান্তির কারণে কর্মজীবী মানুষ প্রতিদিনই দেরিতে অফিসে পৌঁছান, আবার শিক্ষার্থীদের পরীক্ষার দিনে মারাত্মক সমস্যায় পড়তে হয়।
অন্যদিকে, উচ্ছেদ অভিযানের খবর ছড়িয়ে পড়লে ভাসমান হকাররা দ্রুত সরিয়ে নেন তাদের মালামাল। ফের করেন পুন:দখল।
মানুষ অবশ্য জেলা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, প্রতিদিনের যানজট শহরজীবনকে অসহনীয় করে তুলেছে। শহরবাসী চান, এ ধরনের অভিযান শুধু একদিনের মধ্যে সীমাবদ্ধ না থেকে নিয়মিত চালু রাখতে হবে।
নোয়াখালীর সাংবাদিক দ্বীপ আজাদ বলেন, শহরে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট নিরসনে ধারাবাহিক অভিযান অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে শহরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত দখলমুক্ত রাখার উদ্যোগও নিয়মিত নজরদারিতে রাখতে হবে।
Leave a Reply