মুফতি উবায়দুল হক খান।। ২৪ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ।।
ইসলাম কিছু পেশা ও উপার্জন পদ্ধতিকে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করেছে—যেগুলোর মাধ্যমে সমাজে অশান্তি, অন্যায়, শোষণ, অনৈতিকতা এবং অন্যের অধিকার লঙ্ঘনের আশঙ্কা থাকে।
হারাম পেশা বলতে এমন সব উপার্জনের পথকে বোঝায়, যা কোরআন ও সুন্নাহ দ্বারা নিষিদ্ধ এবং যা মানুষের নৈতিকতা, সমাজের নিরাপত্তা বা ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। অর্থাৎ যে পেশা বা কাজে জড়িত হলে মানুষের ক্ষতি হয়, শিরক, প্রতারণা, অশ্লীলতা বা নিষিদ্ধ দ্রব্যের প্রচার ঘটে—তা ইসলামে হারাম গণ্য হয়।
ইসলামে হারাম পেশার কিছু উদাহরণ
এক. সুদভিত্তিক ব্যবসা বা চাকরি : কোরআনে আল্লাহ বলেন, ‘ যারা সুদ খায়, তারা সেই ব্যক্তির মতো দাঁড়াবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে…। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং সদকা বৃদ্ধি করেন। ’ (সুরা : বাকারাহ, আয়াত : ২৭৫-২৭৬)
সুদভিত্তিক ব্যাংকিং, ঋণ প্রদান, সুদে টাকা ধার দেয়া বা এমন প্রতিষ্ঠানে কাজ করা যেখানে সুদ লেনদেনের মূল উপাদান—সবই ইসলামে হারাম। কারণ এটি সমাজে আর্থিক বৈষম্য সৃষ্টি করে এবং ধনীকে আরো ধনী, গরিবকে আরো গরিব বানায়।
দুই. জুয়া ও লটারিভিত্তিক ব্যবসা : কোরআনে বলা হয়েছে—‘ হে মুমিনরা ! মদ, জুয়া, প্রতিমা ও ভাগ্য নির্ধারণের তীর—এসব শয়তানের অপবিত্র কাজ ; সুতরাং এসব থেকে দূরে থাকো। ’ (সুরা : মায়িদা, আয়াত : ৯০)। জুয়া, বাজি, লটারির টিকিট বিক্রি, অনলাইন গেমবেটিং ইত্যাদি ভাগ্যনির্ভর সব ধরনের উপার্জন ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। কারণ এতে পরিশ্রম নেই ; বরং প্রতারণা, লোভ ও ক্ষতির আশঙ্কাই বেশি।
তিন. অশ্লীলতা, নাচ-গান ও পর্নোগ্রাফি সম্পর্কিত পেশা : ইসলাম শালীনতা ও পবিত্রতার ধর্ম। অশ্লীলতা, অশোভন বিনোদন, নগ্নতা বা যৌন উদ্দীপক কার্যক্রম ইসলামে ঘৃণিত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ যখন তোমরা লজ্জা হারাবে, তখন যা খুশি তাই করবে। ’ (সহিহ বুখারি)। অতএব, লজ্জা ও নৈতিকতার পরিপন্থী সব কাজ ইসলামে নিষিদ্ধ।
চার. মদ ও নেশাজাত দ্রব্যের ব্যবসা : রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘ যে মদ পান করে, যে তৈরি করে, যে বিক্রি করে, যে কেনে, যে পরিবহন করে, যে তার দাম খায়—সবাই অভিশপ্ত। ’ (সহিহ মুসলিম)। অতএব, মদ, ইয়াবা, গাঁজা, সিগারেট বা অন্য যেকোনো ক্ষতিকর নেশাজাত দ্রব্যের ব্যবসা, উৎপাদন, পরিবহন বা বিক্রি করা হারাম পেশা হিসেবে গণ্য হয়।
পাঁচ. ঘুষ, প্রতারণা ও জালিয়াতি : ঘুষ ইসলামে মারাত্মক অপরাধ। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘ ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ই জাহান্নামি। ’ (তিরমিজি)। এ ছাড়া চাকরির বিনিময়ে অবৈধ অর্থ নেয়া, সরকারি সম্পদ আত্মসাৎ, ব্যবসায় মাপজোখে প্রতারণা করা—এসবও হারাম উপার্জনের অন্তর্ভুক্ত।
ছয়. অন্যায় পেশা ও শোষণমূলক কাজ : যে পেশায় মানুষের ক্ষতি হয়, যেমন—হত্যা, চুরি, ডাকাতি, চোরাকারবারি, মানবপাচার, দেহব্যবসা, সুদের দালালি—এ সবই হারাম। ইসলাম অন্যের অধিকার হরণ, শোষণ ও অন্যায় আচরণের সম্পূর্ণ বিরোধী।
হারাম পেশার সামাজিক ও আত্মিক ক্ষতি
হারাম পেশা শুধু ব্যক্তিকে নয়, সমাজকেও কলুষিত করে। এর ক্ষতি বহুস্তরীয়—
এক. আত্মিক দূষণ : হারাম উপার্জনে উপার্জিত অর্থে ইবাদতে মনোযোগ আসে না। হারাম খাবার খেলে দোয়া কবুল হয় না। দুই. সামাজিক অস্থিরতা : সুদ, জুয়া, মদ—এসব সমাজে লোভ, অন্যায় ও সহিংসতা বাড়ায়।
তিন. অর্থনৈতিক বৈষম্য : অবৈধ উপার্জন ধনীদের সম্পদ বাড়ায়, কিন্তু গরিবরা আরো নিঃস্ব হয়। চার. পারিবারিক অশান্তি : হারাম আয়ে সংসারে বরকত থাকে না। দাম্পত্য কলহ, সন্তানদের অবাধ্যতা ইত্যাদি দেখা দেয়।
পাঁচ. পরকালীন শাস্তি : হারাম উপার্জনকারীর পরিণতি ভয়াবহ। নবী করিম (সা.) বলেছেন, ‘ যে ব্যক্তি হারাম খাদ্যে বেড়ে ওঠে, তার শরীর আগুনে পুড়ারই অধিকার আছে। ’ (তিরমিজি)
হারাম পেশা থেকে তাওবা ও মুক্তির উপায়
যারা বর্তমানে হারাম পেশায় নিয়োজিত, তাদের উচিত দ্রুত তাওবা করা এবং হালাল উপার্জনের পথে ফিরে আসা। কোরআনে আল্লাহ বলেন—‘ হে মুমিনরা ! তোমরা আল্লাহকে ভয় করো এবং যদি তোমরা মুমিন হও, তবে সুদের যা অবশিষ্ট আছে তা ত্যাগ করো। ’ (সুরা : বাকারাহ, আয়াত : ২৭৮)।
তাওবার জন্য প্রয়োজন—এক. হারাম পেশা সম্পূর্ণরূপে ত্যাগ করা, দুই. হারাম আয় থেকে মুক্তি পাওয়া, তিন. আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া, চার. ভবিষ্যতে এমন কাজে না জড়ানোর দৃঢ় প্রতিজ্ঞা করা।
লেখক : মুহতামিম, জহিরুল উলুম মহিলা মাদরাসা, গাজীপুর।
Leave a Reply