দিশারী রিপোর্ট ।। ১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ।।
নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর উচ্চ বিদ্যালয়ের সামনের সরকারী খালটি দখল করে বিশাল মার্কেট সাজিয়েছে অবৈধ দখলদাররা।
দীর্ঘদিন ধরে কাসেম বাজারস্থ পানি চলাচলের এ খালটি দখল করার কারণে এলাকাবাসী শিকার হচ্ছেন প্রকাশ্য জলাবদ্ধতায়। এতে এলাকায় প্রায় সময় দেখা দেয় অবর্ণনীয় দুর্দশা ও ভোগান্তি।

সরেজমিনে দেখা গেছে, নেয়াজপুর উচ্চ বিদ্যালয়ের সামনের সরকারী খালটিতে এসব দোকান-পাট গড়ে তোলার কারণে ওই বিদ্যালয়টি এখন সচরাচর চোখেও পড়েনা। এমন ঘটনার শিকার রয়েছে একটি কলেজও।
স্থানীয়রা জানান, খানপুর নামের এ খালটির জলপ্রবাহ বেগমগঞ্জ ও সদরের নোয়াখালী খালের সাথে সম্পৃক্ত। কিন্তু, খালটির অস্তিত্ব বর্তমানে প্রায় বিপন্ন হওয়ার কারণে খালে এখন আর কোন জলপ্রবাহ নেই।
স্থানীয় জসিম, আলা উদ্দিন, মিলন, রবিন, সেলিম, সাগর, রাসেল, রফিক আর্মি, নুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান কালাম সাব, সারোয়ার, এমাম উদ্দিন, রাশেদ ও বোরহান নামীয়রা এখালের ওপর ব্যবসার নামে দখলদারিত্ব বজায় রাখছেন। এ সময় খালটির ওপর অবৈধ দখলদারিত্ব বিষয়ে কোন সদুত্তর না দিয়ে অবৈধ দখলদারেরা বলেন, অন্যদের যাই হবে তাদেরও তাই হবে।

স্থানীয় এক ব্যবসায়ী জানান, ইতোপূর্বে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী ভূমি কমিশনার, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ প্রশাসনের অনেকেই এখানে এসেছেন। একটা পর্যায়ে, রহস্যজনক কারণে তারা খালটি ও দখল উদ্ধারে কার্যত আর কোন উদ্যোগ গ্রহণ করেননি।
তবে তারা বলছেন, স্থানীয় তহশিলদার এসব দোকানদার থেকে একটি নির্দিষ্ট অংকের মাসায়ারা নিয়ে এসব দখলদারদের অবৈধ দখলদারিত্ব দীর্ঘস্থায়ীতে সহায়তা করছেন।
এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম বলেন, আমি যোগদান করেছি বেশিদিন হয়নি। দেখি খালটির খোঁজখবর নিয়ে বিহিত ব্যবস্থা গ্রহণ করবো।
Leave a Reply