দিশারী ডেস্ক।। ১১ জানুয়ারি , ২০২৬ খ্রিস্টাব্দ।।
নোয়াখালীতে সরকারী প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠেছে।
সূত্র জানায়, ৯ ডিসেম্বর, শুক্রবার অনুষ্ঠিত সরকারী প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় এলাকার কতেক ধান্ধাবাজ অনেক চাকুরী প্রার্থীর কাছ থেকে গড়ে ৫/৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ টাকার বিনিময়ে ওসব প্রার্থীকে চাকুরীর নিশ্চয়তা প্রদান করছেন তারা।
নাম প্রকাশ না করার শর্তে হাতিয়া উপজেলা হতে পরীক্ষায় অংশ নেয়া এক চাকুরী প্রার্থী জানান, এনসিপির এক নেতার সাঙ্গপাঙ্গরা এ অসাধু পন্থায় হাতিয়ার শিক্ষিত বেকারদের কাছ থেকে ৫/৭ লাখ টাকা হারে হাতিয়ে নিয়েছেন। তিনি নিজেও এমন চুক্তিতে আবদ্ধ হয়েছেন বলে জানান। হাতিয়ে নেয়া টাকা ওই নেতাকে দিয়েছেন কিনা জানতে পারেননি তারা। একই অভিযোগ পুরো জেলাজুড়েও। রয়েছে আরো কিছু নব্য রাজনৈতিক দলের লোকজনের নামও।
তবে এ টাকার ভাগ নোয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা কিংবা জাতীয় পর্যায়ের কোন কর্মকর্তা পেয়েছেন কিংবা সরকারী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কে বা কারা এমন দুর্নীতিতে সহায়তা করছেন তা জানা যায়নি।
অবশ্য এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কিছুই জানা নেই বলে জানান তিনি।
উল্লেখ্য, ইতোপূর্বে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়েও স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় চরম স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ ওঠেছে।