মহানবী (সা.) কাকে প্রকৃত বাহাদুর বলেছেন ?

  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৭ পাঠক

মুফতি সাইফুল ইসলাম।। ১৬ নভেম্বর, ২০২৬।।

বাহাদুরি বলতে সাধারণত শাররিক শক্তি, সাহস কিংবা প্রতিপক্ষকে পরাজিত করার ক্ষমতাকে বোঝানো হয়। সমাজে যিনি শক্তিশালী, যিনি অন্যকে পরাস্ত করতে পারেন, কিংবা বিপদের মুখে সাহসিকতার পরিচয় দেন, তাকেই অনেক সময় বীর মনে করা হয়। কিন্তু ইসলামের দৃষ্টিতে প্রকৃত বীরত্বের পরিচয় কেবল বাহ্যিক শক্তি দিয়ে নির্ধারিত হয় না। বরং নিজের প্রবৃত্তি, ক্রোধ ও আবেগকে নিয়ন্ত্রণ করতে পারাই প্রকৃত বীরত্বের অন্যতম বড় পরিচয়। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে-

عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: «لَيْسَ الشَّدِيدُ بِالصُّرَعَةِ، إِنَّمَا الشَّدِيدُ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ»

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘ প্রকৃত বীর সে নয়, যে কুস্তিতে অন্যকে পরাজিত করে। বরং প্রকৃত বীর সেই ব্যক্তি, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ’ (বুখারি, হাদিস : ৬১১৪ ; মুসলিম, হাদিস : ২৬০৯)

এ হাদিসে রাসূলুল্লাহ (সা.) বীরত্বের প্রচলিত ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। সাধারণত মানুষ মনে করে, শারীরিক শক্তি দিয়ে অন্যকে পরাজিত করতে পারাই শক্তিমত্তার পরিচয়। কিন্তু নবীজি (সা.) জানিয়েছেন, অন্যকে পরাস্ত করার চেয়ে নিজের রাগকে পরাস্ত করা অনেক বেশি কঠিন এবং মর্যাদাপূর্ণ কাজ। কারণ রাগের মুহূর্তে মানুষের বিবেক-বুদ্ধি অনেক সময় আচ্ছন্ন হয়ে পড়ে। তখন সে এমন কথা বলে কিংবা এমন কাজ করে বসে, যার জন্য পরবর্তী সময়ে অনুতপ্ত হতে হয়।

রাগ মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। জীবনের নানা পরিস্থিতিতে মানুষের রাগ হতে পারে। কেউ অপমান করলে, অধিকার নষ্ট করলে কিংবা প্রত্যাশার বিপরীত আচরণ করলে রাগ সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। ইসলাম মানুষের এই স্বাভাবিক অনুভূতিকে অস্বীকার করেনি ; বরং রাগের সময় তার সঠিক নিয়ন্ত্রণ ও ব্যবহার শিখিয়েছে।

পবিত্র কোরআনে মহান আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন, ‘ যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে। আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। ’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৩৪)

রাগ নিয়ন্ত্রণের গুরুত্ব শুধু ব্যক্তিগত জীবনে নয়, পারিবারিক ও সামাজিক জীবনেও অপরিসীম। অনেক সময় সামান্য মতবিরোধ থেকে পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়, ভাইয়ে-ভাইয়ে বিরোধ তৈরি হয়, প্রতিবেশীদের মধ্যে শত্রুতা ছড়িয়ে পড়ে। কর্মক্ষেত্রেও রাগের বশবর্তী হয়ে অনেকে সহকর্মীকে অপমান করেন কিংবা অধীনস্থদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও মুহূর্তের উত্তেজনায় মানুষ এমন মন্তব্য করে বসে, যা অন্যের সম্মানহানি করে এবং দীর্ঘস্থায়ী বিরোধের জন্ম দেয়। অথচ একটু ধৈর্য, সংযম ও বিবেচনাবোধ এসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে মানুষকে রক্ষা করতে পারে।

————————————————————————————————————————————–

রাসূলুল্লাহ (সা.) রাগ নিয়ন্ত্রণের ব্যাপারে সাহাবিদের বিশেষভাবে উপদেশ দিয়েছেন। বুখারির বর্ণনায় এসেছে-

عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أَوْصِنِي‏.‏ قَالَ ‏”‏ لاَ تَغْضَبْ ‏”‏‏.‏ فَرَدَّدَ مِرَارًا، قَالَ ‏”‏ لاَ تَغْضَبْ ‏”‏‏.‏

‘ আবু হুরাইরাহ (রা.) হতে বর্ণিত যে, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট বলল, আপনি আমাকে অসিয়ত করুন। তিনি বললেন, তুমি রাগ করো না। লোকটি কয়েকবার তা বললেন,নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বারেই বললেন, রাগ করো না। ’ (বুখারি, হাদিস : ৬১১৬)। এ থেকে বোঝা যায়, মানুষের চারিত্রিক উৎকর্ষ ও সুন্দর জীবন গঠনে ক্রোধ নিয়ন্ত্রণ কতটা গুরুত্বপূর্ণ।

————————————————————————————————————————————–

রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে ইসলাম কিছু বাস্তবসম্মত নির্দেশনাও দিয়েছে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, কেউ রাগান্বিত হলে সে যেন নীরব থাকে। (মুসনাদে আহমদ, হাদিস : ২১৩৬) অন্য হাদিসে রাগের সময় দাঁড়িয়ে থাকলে বসে পড়তে এবং বসা অবস্থায় রাগ না কমলে শুয়ে পড়তে নির্দেশনা দেয়া হয়েছে। (সুনানে আবু দাউদ, হাদিস : ৪৭৮২)। এ ছাড়া অজু করা, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং পরিস্থিতি থেকে সাময়িকভাবে সরে যাওয়াও রাগ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

তবে রাগ নিয়ন্ত্রণের অর্থ অন্যায়কে প্রশ্রয় দেয়া কিংবা ন্যায়ের পক্ষে কথা বলা থেকে বিরত থাকা নয়। বরং অন্যায়ের প্রতিবাদ করতে হবে প্রজ্ঞা, ন্যায়বিচার ও সংযমের সঙ্গে। ব্যক্তিগত প্রতিশোধের আকাঙ্ক্ষা যেন ন্যায়বোধকে আচ্ছন্ন করতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে।

আমাদের মনে রাখতে হবে, শক্তিশালী শরীর দিয়ে হয়তো অন্যকে পরাজিত করা যায়, কিন্তু শক্তিশালী চরিত্র গড়ে তুলতে প্রয়োজন আত্মসংযম। যে ব্যক্তি উত্তেজনার মুহূর্তেও নিজের কথা, আচরণ ও সিদ্ধান্তের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে, সেই প্রকৃত অর্থে সাহসী ও বীর। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে রাগকে জয় করার চেষ্টা করতে হবে। মহানবী (সা.)-এর শিক্ষা অনুসরণ করে ক্রোধের পরিবর্তে ধৈর্য, প্রতিশোধের পরিবর্তে ক্ষমা এবং উত্তেজনার পরিবর্তে সংযমের চর্চাই হোক আমাদের প্রকৃত বীরত্বের পরিচয়।

লেখক : আলেম ও সাংবাদিক।।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!