মহানবীর আচরণে যায়েদের ইসলাম গ্রহণ

  • আপডেট সময় সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৬৫ পাঠক

শাহাদাত সাকিব। ০৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ।

যায়েদ ইবনে সা‘নাহ। একজন ইহুদী। একবার নবী (সা.) তার থেকে কিছু ধার নিয়েছিলেন। পরিশোধের সময় এখনো আসেনি।
আরো তিন দিন পর পরিশোধের কথা। নবী (সা.) হাঁটছিলেন সঙ্গে ছিলেন ওমর (রা.)। এমন সময় হঠাৎ সেই ইহুদী তেড়ে এসে নবী (সা.)-এর কাপড় গুটিয়ে ধরল। কণ্ঠে তার কর্কশ স্বর।

গলায় বজ্রধ্বনি- তোমরা বনী আবদুল মুত্তালিবের লোকেরা ঋণ পরিশোধে বড় টালবাহানা কর !

ওমর (রা.)-এর মতো বীর-বাহাদুরের সামনে প্রিয়নবী (সা.)-এর সঙ্গে এমন আচরণ ! তিনি কি আর সহ্য করতে পারেন ! গর্জে উঠলেন ওমর (রা.)। এ দেখে নবী (সা.) হাসছিলেন। মিটমিট করে। একটু পর কোমলকণ্ঠে বললেন-

ওমর ! আমি এবং সে দুজনই তোমার কাছে অন্য কিছুর মুখাপেক্ষী ছিলাম। তুমি আমাকে সুন্দরভাবে ঋণ পরিশোধ করতে বলতে। আর তাকে বলতে- সুন্দরভাবে পাওনা তলব করতে।

সুবহানাল্লাহ ! কত সুন্দর উত্তর ! একজন সাহাবীকে বলছেন, নিজেকে সদুপদেশ দেয়ার জন্য। কত বড় বিনয় !

নবী (সা.) তখন বললেন, আসলে ঋণ পরিশোধের আরো তিন দিন বাকি আছে। এরপর ওমর ( রা.)-কে বললেন, তার পাওনা পরিশোধ করে দাও এবং বাকি এ তিন দিনের হিসেবে তাকে আরো ত্রিশ সা পরিমাণ বাড়িয়ে দাও।

নবী (সা.)-এর এ মহানুভবতা ইহুদীর মনে দাগ কাটল। ইহুদী বুঝল, তার আচরণটা অন্যায় হয়েছে। সময়ের আগেই সে পাওনা চেয়েছে। চাওয়ার ধরনটাও হয়েছে খুব খারাপ। একজন মানুষকে এভাবে কাপড় চেপে ধরা ঠিক হয়নি। কিন্তু এরপরও যে তিনি কিছুই বললেন না ! উল্টো আরো বাড়িয়ে দিতে বললেন। এমন ভালো মানুষও কি হয় !

——————————————————————————————————————————-

নবী (সা.)-এর এ অনুপম আচরণে বদলে গেল ইহুদীর মন। অন্ধকার ছেড়ে সে পেল আলোর সন্ধান। আলোকিত জীবনের, আলোকিত ভুবনের। মহানবী (সা.)-এর ক্ষমা ও মহানুভবতা দেখে ইসলাম গ্রহণ করে ধন্য হলো চিরজীবনের জন্য। (মুসতাদরাকে হাকেম, হাদিস ২২৩৭, ৬৫৪৭; মাজমাউয যাওয়ায়েদ, হাদিস ১৩৮৯৮)

——————————————————————————————————————————-

আমরা তো এমন মহানুভব নবীরই উম্মত। তাই আসুন, প্রতিজ্ঞা করি, আমরা কখনো কাউকে কষ্ট দেব না। কেউ আমাদের কষ্ট দিলে কিংবা অন্যায় আচরণ করলে উদারমনে তাকে ক্ষমা করে দেব। আমরা ক্ষমাশীল মানুষ হতে চেষ্টা করব। তাহলে ক্ষমাশীল আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন।

সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!