দিশারী ডেস্ক।। ১৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ।।
নোয়াখালী জেলা শহর হতে প্রকাশিত দৈনিক নয়াপৃথিবীর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার বেলা ১১ টায় শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা অংশ গ্রহণ করেন।
———————————————————————–
দৈনিক নয়াপৃথিবীর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী
———————————————————————–
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান।
দৈনিক দিশারী’র সম্পাদক ও প্রকাশক আকাশ মো. জসিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এডভোকেট আবদুর রহমান বলেন, বিগত সময়ে আমাদের একমাত্র ঠিকানা ও অবস্থানের জায়গা ছিল নোয়াখালী প্রেসক্লাব। কিন্তু একটাপর্যায়ে, এখানকার কিছু সাংবাদিক আওয়ামীলীগ নেতা আবদুল ওয়াদুদ পিণ্টুর কারণে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে শেখ মুজিবুর রহমানের মূর্তি লাগিয়ে আমাদেরকে এখান থেকে বের করে দেয়। তবে দলের ক্রান্তিকালেও কিছু সাংবাদিক তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বলে তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, বিগত সময়ে আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে আন্দোলন করেছি, তারা হঠাৎ ফ্যাসিবাদের দোসরদের ঠিকানা করে দিচিছ। তিনি উদাহরণ হিসেবে বলেন, মেজর (অব.) আখতারুজ্জামান ছিলেন ফ্যাসিবাদের দোসর। বিগত সময়ে সব ক’টি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গী হয়েছিলে সে। অথচ একটি দল তাকে নিজেদের ঘরে তুলে নিলো। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির সুযোগে ফ্যাসিবাদ যেন ফের সক্রিয় হতে না পারে সেজন্যে সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তৃতায় সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিনোদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সলিম উল্যাহ বাহার হিরন সাংবাদিকদের কাছে বস্তুনিষ্ঠ খবরের প্রত্যাশা রাখেন।
সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন বলেন, সাংবাদিকদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তিনি নোয়াখালী জেলা শহরের প্রতিটি সরকারী কার্যালয়ে কোটি-কোটি টাকার টেন্ডার বাণিজ্য হওয়ার অভিযোগ তুলে ধরেন। একইসঙ্গে, নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতির অভিযোগ করেন ভিপি জসিম।

সভায় বিশেষ অতিথি হিসেবে জ্যেষ্ঠ সাংবাদিক আলমগীর ইউসুফ, সাংবাদিক বোরহান উদ্দিন, বিএনপি নেতা ওমর ফারুক, জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের নোয়াখালীর আহবায়ক ভিপি আলা উদ্দিন, যুবদলের নোয়াখালীর সভাপতি ও চট্রগ্রাম বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খাঁন, বিএনপি নেতা আবদুল মতিন প্রমূখ আলোচনায় অংশ নেন। বক্তারা বিগত সময়ে দৈনিক নয়াপৃথিবীর সম্পাদক ও প্রকাশক জাহাঙ্গীর আলম ফ্যাসিবাদীগোষ্ঠীর বিভিন্ন মামলা, হামলার শিকার হওয়ার কথাও তুলে ধরে তার অপরিসীম ত্যাগ, তিতিক্ষার প্রতি সম্মান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারী শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞা প্রকাশ করেন দৈনিক নয়াপৃথিবীর সম্পাদক ও প্রকাশক মো. জাহাঙ্গীর আলম।
Leave a Reply