দিশারী ডেস্ক।। ৬ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ।।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, নতুন ভোটার নিবন্ধন, জন্মতারিখ ও ঠিকানা পরিবর্তনে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ গ্রহণ, হয়রানি, দালাল চক্রের দৌরাত্মসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠেছে। ওই অফিসে ঘুষ গ্রহণের ঘটনায় এক ভুক্তভোগী নির্বাচন কমিশন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
———————————————————-
উপজেলা নির্বাচন অফিস
———————————————————-
জানা যায়, বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম তার এনআইডি কার্ডে পিতা-মাতার নাম ভুল থাকায় অনলাইনে সংশোধনের আবেদন করেন। আবেদন করার এক সপ্তাহ পর তিনি উপজেলা নির্বাচন কার্যালয়ে গেলে সেখানে কর্মরত অফিস সহায়ক শহিদ তাকে সংশোধন করে দেয়ার আশ্বাস দেন।
—————————————————————————————————————————-
অভিযোগে বলা হয়, শহিদ তাকে নির্বাচন কর্মকর্তার পাশের একটি কক্ষে নিয়ে জানান, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সংশোধন করতে হবে এবং তিনি নিজেই কাজটি করে দিতে পারবেন। এ জন্য তিনি ৭০ হাজার টাকা দাবি করেন। পরদিন ভুক্তভোগী ওই অফিসে গিয়ে তাকে ৭০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু টাকা দেয়ার ১৫ দিন পরেও এনআইডি সংশোধন না হওয়ায় ভুক্তভোগী টাকা ফেরত চাইলে অভিযুক্ত শহিদ তা ফেরত না দিয়ে উল্টো ভয়-ভীতি প্রদর্শন করেন।
—————————————————————————————————————————-
অভিযোগে উল্লেখ করা হয়, তিনি নিজেকে স্থানীয় এমপির ঘনিষ্ঠ পরিচয় দিয়ে ভুক্তভোগীকে হুমকি দেন। এ ঘটনায় ভুক্তভোগী লিখিত অভিযোগের সঙ্গে ঘুষ গ্রহণের ছবিও সংযুক্ত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পরিষদের এক কর্মচারী জানান, নির্বাচন অফিসের এমএলএসএস (পিয়ন) শহিদ প্রভাবশালী মহলের আত্মীয় পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে আসছেন। এদিকে উপজেলার বেশ কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারী সবাই অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত।
বিশেষ করে অফিসের কম্পিউটার অপারেটর ও অফিস সহায়কের সমন্বরে একটি সক্রিয় চক্র গড়ে তোলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, নতুন ভোটার নিবন্ধন, জন্মতারিখ ও ঠিকানা পরিবর্তনে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ গ্রহণ ও হয়রানি করা হচ্ছে। নির্বাচন অফিসে ঘুষ লেনদেন ও অনিয়ম-দুর্নীতি রোধে এসব কর্মকর্তা-কর্মচারীদের হাতিয়া অথবা খাগড়াছড়ি জেলায় বদলির দাবি জানান তারা।
তবে অভিযুক্ত অফিস সহায়ক শহিদ তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।
এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান বলেন, নির্বাচন অফিসের এক অফিস সহায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযোগপত্রে আবেদনকারীর নাম-ঠিকানা ও মোবাইল নম্বর সঠিক নয়। তবুও বিষয়টি তদন্ত করে দেখা হবে।
বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ হয়েছে বলে তিনি শুনেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি দেখবেন।
Leave a Reply