দিশারী ডেস্ক।। ১৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ।।
নোয়াখালীতে টাকা চুরির অপবাদে এক প্রতিবন্ধী যুবককে হত্যার ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে মিথ্যে তথ্য প্রচার ও অপপ্রচারের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে ছড়ানো বিভিন্ন অভিযোগের প্রতিবাদ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের মাইজদী-নোয়াহাট সড়কের পাশে মানববন্ধন করে স্থানীয় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, প্রতিবন্ধী যুবক হত্যার মতো একটি স্পর্শকাতর ঘটনাকে কেন্দ্র করে প্রকৃত ঘটনা উদঘাটনের পরিবর্তে কোনো ব্যক্তির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হলে তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাঁরা বলেন, সাংবাদিক আলম জনসচেতনতা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে ঘটনাটি ভিডিও আকারে প্রচার করছিলেন। এ সময় তিনি উত্তেজিত লোকজনকে আইন নিজের হাতে না নিয়ে পুলিশকে খবর দেয়ার অনুরোধ করছিলেন।
বক্তারা আরও বলেন, সাংবাদিকতা হচ্ছে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের তথ্য তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এমবি আলমও একজন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে পেশাদারিত্ব করছিলেন।
তাঁরা বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে উপস্থাপন করা উচিত। একইসঙ্গে অভিযোগের সত্যতা যাচাই না করে কাউকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তাঁরা।
এলাকাবাসীর আরোও দাবি জানান, টাকা চুরির অপবাদকে কেন্দ্র করে প্রতিবন্ধী যুবককে হত্যার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের সনাক্ত করে আইনের আওতায় আনা এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ করা জরুরি। পাশাপাশি সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে যেসব অভিযোগ ও মিথ্যে তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে, সেগুলোরও নিরপেক্ষ যাচাই হওয়া প্রয়োজন। যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তিকে দায়ী করা কিংবা তাঁর সম্মানহানি হয় এমন প্রচারণা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান তাঁরা।
Leave a Reply