দিশারী ডেস্ক।। ৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ।।
ঢাকা-নোয়াখালী রুটে আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেসের অব্যবস্থাপনা, সময়ের অসঙ্গতি, ট্রেনে চুরি-ছিনতাই রোধ ও যাত্রী নিরাপত্তা বৃদ্ধি, চৌমুহনী স্টেশনকে আধুনিক ও রি-মডেলিং, চৌমুহনী-লক্ষ্মীপুর ডাবল লাইন এবং সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারণসহ বিভিন্ন দাবিতে রেল মন্ত্রণালয়ের সচিবকে স্মারকলিপি দিয়েছেন নোয়াখালীবাসী।
বৃহস্পতিবার, নোয়াখালীবাসীর পক্ষে রেল মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলামের কাছে এ স্মারকলিপি প্রদান করেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক এম এইচ রহমান ফুয়াদ, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন সোহেল, অর্থ সম্পাদক মোহাম্মদ রিদয় হোসেন ও আব্দুল হামিদ রনি।
—————————————————————————————————————————————-
স্মারকলিপিতে সুবর্ণচর এক্সপ্রেস চালু, উপকূল এক্সপ্রেসের সেবা উন্নয়ন, লাকসাম-নোয়াখালী রেলপথ আধুনিকায়ন, চৌমুহনী-লক্ষ্মীপুর রেল সংযোগ দ্রুত বাস্তবায়ন, সোনাপুর-চেয়ারম্যানঘাট রেললাইন সম্প্রসারণ, নোয়াখালী-ফেনী-চট্টগ্রাম রেল যোগাযোগ শক্তিশালীকরণ, নোয়াখালী রেলওয়ে স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোর উন্নয়ন, রেলওয়ের জমি ও অবকাঠামোর সুষ্ঠু ব্যবহার এবং নোয়াখালীকে রেলওয়ের বিশেষ উন্নয়ন অগ্রাধিকার অঞ্চলে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।
—————————————————————————————————————————————-
এতে আরও উল্লেখ করা হয়, একসময় ঢাকা-নোয়াখালী রুটে রাতেরবেলায় লোকাল ট্রেন চলতো। যা নিম্ন আয়ের মানুষ ও ব্যবসায়ীদের জন্য যাত্রীবান্ধব ছিল। কিন্তু বর্তমানে তা বন্ধ রয়েছে। এদিকে, বর্তমানে উপকূল এক্সপ্রেসের সময়সূচি যাত্রীবান্ধব না হওয়ায় প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা বিলম্ব হয় এবং প্রায় সময় চুরি-ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
এ সময় রেল সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম বলেন, নোয়াখালীর ট্রেন সমস্যা সম্পর্কে আমরা অবগত আছি। ইঞ্জিন সংকট কেটে গেলে দ্রুত সময়ের মধ্যে বন্ধ হওয়া লোকাল ট্রেনটি চালু করা হবে। নোয়াখালীর মতো জেলায় ট্রেন দিতে না পারা আমাদের জন্য লজ্জার বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে রেলের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান জানান, চৌমুহনী স্টেশনের রি-মডেলিং ও আধুনিকায়নের কাজ প্রক্রিয়াধীন রয়েছে এবং আগামী অর্থবছরের বাজেটে আসবে।

Leave a Reply